২৮তম বিসিএসের জন্য নন-ক্যাডার পদে আবেদন আহ্বান
৩ জুলাই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ২৮তম বিসিএসের ফল ঘোষণা করে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট পাঁচ হাজার ১০৫ জন প্রার্থী। এর মধ্যে দুই হাজার ৯১৫ জন প্রার্থী ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তবে ১০ মে জারিকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে তাঁদের নিয়োগ পাওয়ার সুযোগ আছে।সম্প্রতি পিএসসি এ নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে। আবেদনপত্র: নমুনা আবেদনপত্রে দেখা যায়, সেখানে একজন প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রার্থীকে তাঁর নাম, রেজিস্ট্রেশন নম্বর, পিতা ও মাতার নাম, জন্মতারিখ, সর্বোচ্চ ডিগ্রি, অধীত বিষয় এবং মুক্তিযোদ্ধার সন্তান বা উপজাতীয় প্রার্থী সুস্পষ্টভাবে লিখতে হবে। এ ছাড়া ২৮তম বিসিএস পরীক্ষায় কোন শ্রেণীভুক্ত প্রার্থী তার ঘরে টিক দিতে হবে। ২৬ (বিশেষ), ২৭, ২৯ ও ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন কি না বা নেবেন কি না, সে তথ্যও জানাতে হবে। সঙ্গে পাসপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করে দিতে হবে।আবেদনপত্র জমা: আবেদনপত্র পূরণ করে ১৮ থেকে ২২ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটার মধ্যে সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানকারীকে প্রাপ্তি স্বীকার রসিদ দেওয়া হবে। মনে রাখতে হবে, শেষ তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।কোথায় জমা দেবেন: আবেদনপত্র কমিশনের আগারগাঁওয়ের কার্যালয়ে জমা দিতে হবে। নতুন ভবনের ঠিকানা: প্লট-ই/২৭ এবং ২৯ শেরেবাংলা নগর, ঢাকা। নিয়োগের জন্য সুপারিশ: পিএসসিসংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব নন-ক্যাডার পদে প্রার্থী বাছাইয়ের জন্য নিয়োগকারী কমিশন অনুরোধ জানাবে, কমিশন সংরক্ষিত তালিকার মধ্য থেকে নিয়োগবিধি অনুযায়ী নির্দিষ্ট শর্তাদি মেনে ওই সব পদে নিয়োগের যোগ্যতা আছে, এমন প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী নিয়োগের সুপারিশ করবে। তবে প্রজ্ঞাপনে উল্লেখ আছে, কোনো প্রার্থীকে নিয়োগের সুপারিশ করার পর নিয়োগকারী নিয়োগপত্র জারির ৩০ দিনের মধ্যে প্রার্থীকে যোগদান করতে হবে। না করলে অথবা অসম্মতি জানালে ওই সুপারিশ বাতিল হয়ে যাবে। এমন প্রার্থীরা ওই তালিকা থেকে পুনরায় কোনো নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাবেন না।