২৮০ জন নেবে ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ওয়ালটন গ্রুপে তিনটি পদে মোট ২৮০ জন লোক নিয়োগ করা হবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) ও ড্রাইভার পদে ১০০ জন করে এবং টেকনিশিয়ান (এসি) পদে ৮০ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর ১৬ পৃষ্ঠায় ছাপা হয়েছে। এসব পদে আবেদন করতে হলে আবেদনকারীকে এই বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিশিয়ান (রেফ্রিজারেটর) ও টেকনিশিয়ান (এসি) পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (রেফ্রিজারেশন অ্যান্ড এসি)/এসএসসি/ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে, ড্রাইভার পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। পিকআপ ড্রাইভিংয়ে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সব পদের প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর এবং বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ অতিরিক্ত পরিচালক, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, আলম মঞ্জিল, ৩৩, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯—এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected]—এই ঠিকানায়। জীবনবৃত্তান্তে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর ও খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।