২৯ জুলাই একটি লাল অক্ষরের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৪০ সালের ১ মে, তারিখটি পৃথিবীর ডাকব্যবস্থার ইতিহাসে একটি লাল অক্ষরের দিন। সেদিন বিশ্বের প্রথম ডাকটিকিট ‘পেনি ব্ল্যাক’ প্রকাশিত হয়। শিল্পী উইলিয়াম মালরেডি রচিত রানি ভিক্টোরিয়ার ছবিসহ সে ডাকটিকিটের খ্যাতি বিশ্ববিদিত। ২৯ জুলাই, ১৯৭১ সালের গুরুত্ব ১৮৪০ সালের ১ মে তারিখটির চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি। ডাকমাশুল তোলার জন্য ‘পেনি ব্ল্যাক’-এর প্রবর্তন করেছিলেন স্যার রোল্যান্ড হিল। আর বাংলাদেশের প্রথম ডাকটিকিট সম্পূর্ণ একটি অজানা দেশের নাম বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছিল; সেগুলো তখন বাংলাদেশের রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছিল। আবদুল মতিন, আবু মোহাম্মদ আসানউল্লাহ, ইসতিয়াক আহমেদ খান, সিদ্দিক মাহমুদুর রহমান, আনোয়ারুল কাদির, মোবাশেরউর রহমানসহ নানা লেখকের রচনায় এ উদ্ধৃতির প্রতিধ্বনি শুনতে পাই।পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই, বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠান হয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে—কলকাতা, লন্ডন, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইসরায়েল, অস্ট্রেলিয়া, জাপানসহ দূরপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। আমি সব অনুষ্ঠানের বিস্তারিত খবর জানি না, তবে কলকাতা আর লন্ডনের অনুষ্ঠান ছিল আবেগে ভরা। লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল আমার। অন্যত্র তার উল্লেখ করেছি।কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার নদাদা রবীন্দ্রনাথ মল্লিক। তাঁর চিঠিতে তিনি আমাকে একটি মজার ঘটনার কথা লিখেছিলেন। কথাগুলো অনেকটা এ রকম, ‘বাংলাদেশ মিশনে গেছি। সেখানে যেন একটা উৎসব-উৎসব ভাব। দেখি, লোকে লোকারণ্য। মনে হলো, কলকাতার সব লোক জড়ো হয়েছেন সেখানে। হইহই কাণ্ড। হইহই হওয়ারই তো কথা। পৃথিবীর সব শুভবুদ্ধির মানুষ চেয়েছিল বাংলাদেশের মুক্তি। তবে এই চাওয়ার মধ্যে স্বভাবতই সব থেকে বেশি আবেগ ছিল বাংলাদেশের বাইরে পশ্চিম বাংলার মানুষের মধ্যে। তাই বাংলাদেশ মিশনে এত ভিড়। সবার একই উদ্দেশ্য, বাংলাদেশের প্রথম ডাকটিকিট সংগ্রহ করা। এই ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠান একটা সাধারণ ঘটনা নয়, এ দিনটা একটা ইতিহাসের টুকরো। আর এ ডাকটিকিটগুলো তারই সচিত্র সাক্ষী।‘সেদিন সবাই যে ডাকটিকিট সংগ্রহ করতে পেরেছিলেন, তা নয়। অনেকেই ডাকটিকিট না পেয়ে সেদিন খালি হাতে বাড়ি ফিরে গিয়েছিলেন। আশাতিরিক্ত চাহিদার জন্য সেদিন ডাকটিকিটের ভান্ডার শূন্য হয়ে গিয়েছিল। তাই ছুটির দিন, শনিবার ১ আগস্ট বাংলাদেশ মিশন থেকে আবার ডাকটিকিট বিক্রির ব্যবস্থা করা হয়।‘২৯ তারিখে যাঁরা ডাকটিকিট সংগ্রহ করতে পেরেছিলেন, তাঁদের মুখে বিজয়ের আনন্দ। আনন্দের উত্তেজনায় আমি একজনকে বলেই ফেললাম, “জানেন, কে এই স্ট্যাম্প ডিজাইন করেছে? আমার ভাই বিমান।” সঙ্গে সঙ্গে তাঁদের একজন বলে উঠলেন, “কোথায় আপনার ভাই?” বললাম, “সে তো থাকে লন্ডনে।” একজন তাঁর সদ্যলব্ধ একটি ফার্স্ট ডে কভার আমার হাতে এগিয়ে দিয়ে বললেন, “তাহলে আপনিই একটা অটোগ্রাফ করে দিন।” তাঁর দেখাদেখি আরও অনেকে এগিয়ে এলেন। তোমার হয়ে তাঁদের ফার্স্ট ডে কভারে অটোগ্রাফ করে দিলাম।’