২৯টি ভাটায় পুড়ছে ২৬ লাখ মণ চারাগাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটার মালিকদের নানা অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে রামুতে বেপরোয়াভাবে আইন লঙ্ঘন করা হচ্ছে। এখানকার ২৯টি ইটভাটায় প্রতিবছর ইট তৈরির মৌসুমে প্রায় ২৬ লাখ মণ কাঠ পোড়ানো হয়। এগুলোর সিংহভাগই বনের চারাগাছ। সরেজমিনে পরিদর্শন এবং খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফতেখাঁরকুল সদর ইউনিয়নের সাতঘরিয়াপাড়া, মেরংলোয়া, পশ্চিম মেরংলোয়া, লম্বরীপাড়া, বাইপাস ও তেচ্ছিপুল এলাকায় ১৪টি, চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার, দক্ষিণ চাকমারকুল, ফারিকুল এলাকায় আটটি, খুনিয়াপালংয়ে পাঁচটি, জোয়ারিয়ানালার উত্তর মিঠাছড়িতে একটি, রশিদ নগরের পানির ছড়ায় একটিসহ ২৯টি ইটভাটা রয়েছে। সব ভাটায় কম-বেশি পোড়ানো হচ্ছে বনের গাছ।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইটভাটার শ্রমিক জানান, প্রতিদিন একটি ভাটায় গড়ে ৫০০ মণ লাকড়ি পোড়ানো হয়। মাসে ১৫ হাজার মণ। প্রতিবছর মৌসুমে (নভেম্বর-মে) একটি ভাটায় লাগে ৯০ হাজার মণ। ২৯টি ভাটা হলে এ সংখ্যা দাঁড়ায় ২৬ লাখ ১০ হাজার মণে।কাঠ পোড়ানোর কথা স্বীকার করে কক্সবাজার উত্তর বন বিভাগের রামু বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল ওহাব প্রথম আলোকে জানান, ১৬ জানুয়ারি বন বিভাগ সাবের আহমদের গাংচিল ভাটায় অভিযান চালিয়ে প্রায় দুই শ ঘনফুট কাঠ উদ্ধার করেছে। এবং গত সাত বছরে ১৫ জন ইটভাটা মালিকের বিরুদ্ধে ২৩টি মামলা করা হয়েছে। রামু কৃষি বিভাগের এক উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া এবং গরম তাপ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। এর প্রভাবে দিন দিন চাষাবাদ, শাকসবজি এবং ফলমূলের উৎপাদন কমে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কিছু কিছু ইটভাটার বিরুদ্ধে বেপরোয়াভাবে কাঠ পোড়ানোর অভিযোগ থাকা সত্ত্বেও জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মচারীকে ম্যানেজ করে ভাটা মালিকেরা বারবার পার পেয়ে যান। উপজেলা প্রশাসন থেকে ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হলেও সংশ্লিষ্ট কর্মচারীরা কৌশলে তা ফাইলচাপা দেন। পরবর্তীকালে ওই জেলা প্রশাসক বদলি হলে তা স্থায়ীভাবে চাপা পড়ে যায়। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে ইটভাটায় কোনো উদ্ভিদজাতীয় জ্বালানি বা কাঠ পোড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনধিক এক বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় প্রকার শাস্তির বিধান রয়েছে। শর্ত ভঙ্গের কারণে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ভাটার লাইসেন্স বাতিল করতে পারেন।কিন্তু এ আইনের প্রয়োগ হচ্ছে না বলে ইটভাটা মালিকেরা বেপরোয়া হয়ে গেছেন। ইটভাটা থেকে চোরাই কাঠ উদ্ধার করে কয়েকটি ইটভাটার নামে অভিযোগ করে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। কিন্তু তা কার্যকর হয়নি। উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মহীউদ্দিন আল ফারুক ২০০৯ সালে একটি ইটভাটার লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিলেন। কিন্তু রহস্যজনক কারণে জেলা প্রশাসন ওই ভাটার লাইসেন্স বাতিল করেনি। কক্সবাজার জেলা প্রশাসক, মো. জয়নুল বারি প্রথম আলোকে জানান, লাইসেন্স বাতিলের সুপারিশের বিষয়টি তাঁর জানা নেই। তিনি বিষয়টি খোঁজ নেবেন।