২৯তম বিসিএস মৌখিক পরীক্ষা
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় জুন মাসের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে এ মাসেই। সম্প্রতি পিএসসির জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসের ১৭ তারিখ থেকে ২৯তম বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণদের প্রতিদিন ছয়জন করে নিয়ে প্রেসিডেনসিয়াল মৌখিক শুরু হবে। আর প্রেসিডেনসিয়াল মৌখিক চলবে ২৪ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে এ পরীক্ষা। প্রেসিডেনসিয়াল মৌখিক পরীক্ষাপিএসসির প্রেসিডেনসিয়াল বোর্ড অর্থাৎ পিএসসির চেয়ারম্যানসহ ১৩ জন সদস্য যে মৌখিক বোর্ডের সদস্য থাকেন, সেটি মূলত প্রেসিডেনসিয়াল মৌখিক হিসেবে পরিচিত। এ বোর্ডে চেয়ারম্যান সভাপতি হিসেবে থাকেন। ছয়টি প্রেসিডেনসিয়াল মৌখিক হওয়ার পরে চেয়ারম্যানসহ সব সদস্য আলাদা হয়ে একটি স্বাধীন মৌখিক বোর্ডের সভাপতি হবেন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, ১৪টি বোর্ড নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন ১৬ জনের মৌখিক পরীক্ষা নেবে। ওই হিসাবে প্রতিদিন প্রায় ২২৪ জনের মৌখিক পরীক্ষা হবে। তবে বিশেষ কারণবশত কোনো বোর্ড মৌখিক পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকতে পারে। জানা গেছে, খুব শিগগির মৌখিকের পুরো আয়োজনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আর বসে না থেকে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। তবে যাঁরা প্রেসিডেনসিয়াল মৌখিকের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের একটু বেশিই প্রস্তুত থাকতে হবে।