৩ অক্টোবর হজ, পরদিন কোরবানি

সৌদি সরকারের সংশিষ্ট মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে আগামী ৩ অক্টোবর শুক্রবার হজ অনুষ্ঠিত হবে। গত বুধবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণায় আরও বলা হয়েছে, ২ অক্টোবর বৃহস্পতিবার হাজিরা যাত্রা শুরু করে মক্কার অদূরে মিনায় গমন করবেন। পরদিন ৩ অক্টোবর, শুক্রবার আরাফাতে অবস্থান করবেন। ৪ অক্টোবর, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানি।
এবার দুই মিলিয়নের (২০ লাখ) বেশি মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে এক মিলিয়ন সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবেন। হাজিদের স্বাস্থ্যসেবার ব্যাপারে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। চিকিৎসক, নার্স মিলিয়ে ২২ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস ও ইবোলা ভাইরাসের বিষয়েও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। তা ছাড়া মক্কা, মদিনা, মিনা, আরাফাত, মুজদালেফাসহ হজের সব স্থান প্রস্তুত বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।
এদিকে চলতি বছর বাংলাদেশ হজ মেডিকেল টিমের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি হাজিরা। তাঁদের চিকিৎসাসেবা দিতে এবার ১৮১ সদস্যের হজ মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ সরকার। তারা ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছে এবং হজ মেডিকেল অফিসে চিকিৎসাসেবা শুরু করেছে।
বাংলাদেশ হজ মেডিকেল টিম এবার তিন ভাগে বিভক্ত হয়ে চিকিৎসাসেবা প্রদান করছে। প্রথম দলটি জেদ্দা বিমানবন্দরে অসুস্থ হাজিদের প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছে। দ্বিতীয় দলটি মক্কায় হজ মেডিকেল অফিসে এবং তৃতীয় দলটি মদিনায় হজ মেডিকেল অফিসে চিকিৎসাসেবা দিচ্ছে। হাজিদের দ্রুত সেবাদানের জন্য পাঁচটি অ্যাম্বুলেন্সও ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ মেডিকেল টিম সৌদি আরবে বিভিন্ন ভাইরাসের বিষয় আমলে নিয়ে হাজিদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছে। স্বাস্থ্যসেবাসহ হাজিদের সব ধরনের খবরাখবর দিয়ে প্রতিদিন হজ বুলেটিনও প্রকাশ করছে বাংলাদেশ হজ মিশন।
মিশন সূত্রে জানা পেছে, এ পর্যন্ত ২২ জন হাজি মারা গেছেন। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৫ জন মহিলা। তাঁদের কয়েকজন হৃদ্রোগে এবং বাকি বেশির ভাগ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
বাহার উদ্দিন বকুল
জেদ্দা, সৌদি আরব