৩ সেপ্টেম্বর থেকে আবাসিক আই-জেন ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আই-জেন প্রতিযোগিতা
আই-জেন প্রতিযোগিতা

আই-জেনের আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে৷ আট অঞ্চলে আটটি ক্যাম্পে অংশ নেবে ৬৪ জেলার বিজয়ী স্কুল দল৷ তিন দিনের ক্যাম্প ও প্রতিযোগিতা শেষে আট অঞ্চল থেকে আটটি স্কুল দল নির্বাচিত হবে জাতীয় পর্যায়ের আই-জেন প্রতিযোগিতার জন্য৷ প্রতি দলে থাকছে জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুল দলের পাঁচজন প্রতিযোগী৷ আই-জেনের অঞ্চলগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর৷

শেখার ক্যাম্প, মজার ক্যাম্প
তিন দিনের এই আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷ এতে কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যাম্পে থেকেই তোমরা নিজ নিজ স্কুলের একটি ওয়েবসাইট তৈরি করবে। এ ছাড়া থাকবে ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, ইন্টারনেট নিরাপত্তা, উইকিপিডিয়া ও গুগল ট্রান্সলেটে অবদানের মতো বিষয়ে কর্মশালার ব্যবস্থা। প্রশিক্ষণ দেওয়া হবে উপস্থাপন ও সুন্দর বাচনভঙ্গি বিষয়ে৷ থাকবে নেতৃত্ব, লক্ষ, ব্যক্তিত্বসহ জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ের পাঠ আর এগুলোর ওপর অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা৷
আই-জেন ক্যাম্পে তোমাদের কার্যাবলি ক্যামেরায় ধারণ করবে চ্যানেল আই, তা পরবর্তী সময়ে টিভিতে প্রচারিত হবে।

ক্যাম্পের এসব কিছুর মধ্যেই হবে মূল্যায়ন৷ ধাপে ধাপে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে এই ক্যাম্প থেকে একটি সেরা স্কুল বা সেরা জেলা নির্বাচিত হবে যারা অংশ নেবে জাতীয় পর্যায়ের আই-জেন প্রতিযোগিতায়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি হবে একটি টিভি রিয়ালিটি শোর মতো, যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় প্রিয় স্কুল দলকে এসএমএস করে ভোট করতে পারবে সারা দেশের মানুষ। জাতীয় পর্যায়ে সেরা স্কুল দলের শিক্ষার্থীদের জন্য থাকবে শিক্ষাবৃত্তিসহ আকর্ষণীয় পুরস্কার। সেরা স্কুলের জন্যও ডিজিটাল ল্যাবসহ আলাদা পুরস্কার থাকবে।

প্রস্তুত থেকো
এখন থেকে সব প্রতিযোগিতাই কিন্তু দলগত৷ তাই ক্যাম্পে তোমাদের দলগত দক্ষতা ও টিমওয়ার্ক দেখা হবে৷ ক্যাম্পে তথ্যপ্রযুক্তি বিষয়ে কিছু হাতেকলমে শিক্ষার ব্যবস্থা থাকবে৷ সে জন্য সবারই কম্পিউটার ব্যবহারের একেবারে মৌলিক বিষয়গুলো জানাশোনা থাকলে ভালো হয়৷ ক্যাম্পে আসার সময় তোমার স্কুলের কিছু ছবি তুলে সিডি অথবা পেনড্রাইভে করে সঙ্গে নিয়ে এসো৷ সেই সঙ্গে জেনে এসো স্কুলের কিছু তথ্য যেমন, স্কুলের বিবরণ, ইতিহাস, অর্জন, গর্ব ইত্যাদি বিষয়৷ নিজ স্কুলের ওয়েবসাইট তৈরিতে কাজে লাগবে এগুলো৷
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফূর্তি ও চ্যানেল আই।
আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে সারা দেশের দুই হাজার স্কুলে৷ এতে অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী৷ এর মধ্য থেকে জেলা অংশ নিয়েছে এক হাজার স্কুলের স্কুল দল৷ জেলা পর্যায়ে প্রতি জেলা থেকে আমরা পেয়েছি একটি দল যারা এখন অংশ নিচ্ছে আই-জেনের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায়৷ আই-জেনের বিস্তারিত তথ্য থাকছে আই-জেনের ফেসবুকপেজ (www.fb.com/IGEN) ও প্রথম আলোর বিশেষ ওয়েবপেজে (www.prothom-alo.com/igen)।

কবে কোথায়
* ময়মনসিংহ অঞ্চল: ৩ থেকে ৫ সেপ্টেম্বর; ব্র্যাক লার্নিং সেন্টার, সম্ভুগঞ্জ, ময়মনসিংহ। অংশগ্রহণকারী জেলা: ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল।
* রংপুর অঞ্চল: ৩ থেকে ৫ সেপ্টেম্বর; ব্র্যাক লার্নিং সেন্টার, দর্শনা, রংপুর। অংশগ্রহণকারী জেলা: পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা।
* সিলেট অঞ্চল: ১০ থেকে ১২ সেপ্টেম্বর; ব্রাক লার্নিং সেন্টার, সিলেট। অংশগ্রহণকারী জেলা: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী।
* রাজশাহী অঞ্চল: ১০ থেকে ১২ সেপ্টেম্বর; ব্র্যাক লার্নিং সেন্টার, বায়া, পবা, রাজশাহী। অংশগ্রহণকারী জেলা: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, বগুড়া, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা।
* খুলনা অঞ্চল: ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর; সিএসএস অ্যাভিনিউ সেন্টার, খুলনা। অংশগ্রহণকারী জেলা: সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা।
* চট্টগ্রাম অঞ্চল: ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর; ব্র্যাক লার্নিং সেন্টার, চট্টগ্রাম। অংশগ্রহণকারী জেলা: কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর।
* বরিশাল অঞ্চল: ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর; এভাস ট্রেনিং সেন্টার, বরিশাল। অংশগ্রহণকারী জেলা: বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর।
* ঢাকা অঞ্চল: ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর; ব্র্যাক লার্নিং সেন্টার, উত্তরা, ঢাকা। অংশগ্রহণকারী জেলা/শহর: ঢাকা-মেট্রো-১, ঢাকা মেট্রো-২, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চাঁদপুর।