৩টি কেন্দ্রে চিকিৎসাসেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল সংকটের কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের মধ্যে দুটি এক বছর ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। একটি বন্ধ থাকে সপ্তাহে তিন দিন। অন্য তিনটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের অবস্থাও অত্যন্ত করুণ। ফলে এসব ইউনিয়নের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা, হোয়ানক, শাপলাপুর, বড়মহেশখালী ও কুতুবজোম এই ছয়টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের প্রতিটিতে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাসহ লোকবল থাকার কথা ছয়জন করে। এর মধ্যে লোকবল না থাকার কারণে বড়মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে এ দুটি কেন্দ্র জনগণের কোনো কাজে আসছে না। এ ছাড়া ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকে সপ্তাহে তিন দিন। শাপলাপুর, মাতারবাড়ি ও হোয়ানক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তারা। ১১ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি বন্ধ। পার্শ্ববর্তী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে কেন্দ্রটি এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে এটি এলাকার লোকজনের কোনো কাজে আসছে না। ইউনিয়নের তাজিয়াকাটার বাসিন্দা কবির হোসেন ও মোহাম্মদ আলমগীর জানান, এক বছর ধরে বন্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি চালু করার কোনো উদ্যোগ নিচ্ছে না। একই অবস্থা উপকূলীয় দ্বীপ ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের। কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম জানান, স্বাস্থ্যকেন্দ্রটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করা হলেও কোনো কাজ হচ্ছে না। ফলে এ এলাকার লোকজন স্বাস্থ্যসেবা পাচ্ছে না। একই অভিযোগ, ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহর। তিনি বলেন, ‘ধলঘাটার প্রায় ৪০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র অবলম্বন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। কিন্তু চিকিৎসক না থাকায় এলাকার লোকজন হাতুড়ে চিকিৎসকদের কাছে যেতে বাধ্য হচ্ছে।’ মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ‘সপ্তাহে পাঁচ দিনের মধ্যে দুই দিন ধলঘাটা স্বাস্থ্যকেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। দুই স্বাস্থ্যকেন্দ্রে আসা-যাওয়া করে দায়িত্বপালন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূূত্রে জানা গেছে, ছয়টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৩৬ জন লোকবল থাকার কথা থাকলেও চিকিৎসা কর্মকর্তা ও সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাসহ আছেন মাত্র সাতজন। বাকি ২৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সূত্র জানায়, ২০০৮ সালের ১৮ নভেম্বর পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকেন্দ্রে পাঁচজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু ছয় মাসের মধ্যে তদবির করে এসব চিকিৎসক অন্যত্র বদলি হয়ে যায়। স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘চিকিৎসকসহ অন্যান্য লোকবল সংকটের কারণে এই এলাকার দুই লক্ষাধিক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হলেও দেখার কেউ নেই।’ মহেশখালী ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্বাস আলী বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য লোকবল চেয়ে কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’