৩০ গ্রামে জোয়ার-ভাটা!
পূর্ণিমার জোয়ারের সময় সাগরের ঢেউয়ের আঘাতে মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে প্রতিনিয়ত লোকালয়ে পানি ঢুকছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৯৯১ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ে মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যায়। এরপর ২০০৭ সালের নভেম্বর মাসে সিডর ও ২০০৮-এর আইলার আঘাতে বাঁধের আরও কিছু অংশ ভেঙে যায়। সর্বশেষ ২৫, ২৬ ও ২৭ মে পূর্ণিমার জোয়ারের সময় সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে আরেক দফা ভাঙনের কবলে পড়ে বেড়িবাঁধের আরও কিছু অংশ। নতুন করে ভাঙন ধরেছে ধলঘাটার সরইতলা ও পণ্ডিত ডেইল এলাকার দিকে। এখন ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে লোকালয়ে নিয়মিত জোয়ার-ভাটা চলছে। গত সোমবার ২৭ মে সরেজিমন গিয়ে দেখা যায়, সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া ও বৃহত্তর মহরী ঘোনাসহ ২৭ গ্রামে জোয়ারের সময় পানি ঢুকছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে অন্তত ৬০টি পাতকুয়া। এসব এলাকায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ধলঘাটার পণ্ডিতডেইল এলাকার বাসিন্দা ফরিদুল আলম জানান, তাঁদের এলাকায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে দুই হাজার ঘরবাড়ি। ধলঘাটার ইউপি সদস্য আনসারুল করিম বলেন, জোয়ার-ভাটার আতঙ্কে এলাকার অন্তত ৪০ হাজার মানুষের চোখে ঘুম নেই। স্থানীয় ধলঘাট ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট। তাই জরুরি ভিত্তিতে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা না করলে স্থানীয় লোকজন ডাইরিয়া ও পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হবে।স্থানীয় ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, বাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কাছে কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। মাতারবাড়ি রাজঘাট এলাকার বাসিন্দা মুরাদুল ইসলাম জানান, অরক্ষিত বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় প্রতিবর্ষায় এ রকম ভোগান্তিতে পড়ে এখানকার মানুষ। লোকালয়ে জোয়ারের পানি ঢোকার কথা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, জোয়ারের কবলে পড়ে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করে উপজেলা পরিষদে জমা দেওয়ার জন্য সকল ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন বলেন, স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করার বিষয়ে বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় স্থায়ীভাবে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এর পরও আপাতত বর্ষা ও জোয়ারের পানি ঠেকানোর জন্য কয়েক দিনের মধ্যে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা হবে।