৩০ টাকার নিচে চাল নেই, সবজির দামও চড়া
বাজারে সবকিছুরই দাম একটু বেশি, বিশেষ করে সবজির। তবে সড়কের পাশের অস্থায়ী বাজারের দরদাম ভিন্ন। তাই মানুষ বাড়ি ফেরার সময় এখন সড়কের পাশের বাজরে ঢু মারেন, উদ্দেশ্য একটাই—প্রতিদিনের কেনাকাটায় কিছুটা সাশ্রয় করা। সেটা কী সম্ভব হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে সাব-এরিয়ায় বাজার করতে আসা হালিমা বেগম বললেন, ‘পথে-ঘাটে শাকসবজি দুই চার টাকা কমে কেনা যায়, সেটা ঠিক। কিন্তু দাম এত বাড়তি যে কিনতে গেলে এখন সবকিছুই গায়ে লাগে।’ সবজি বিক্রেতা মো. অশোক বলেন, ‘সবজির মধ্যে আলুই কেবল আগের দামে পাওয়া যাচ্ছে। বাকি সবকিছুর দাম বেড়েছে।’ পাশের দোকানদার মফিজুর রহমান তাঁকে শুনিয়ে বললেন, আলুর দামও কেজিতে দুই টাকা বেড়েছে, বিক্রি করছেন ১৮ টাকায়। পেঁপে ১০ টাকা, বাঁধাকপি ২৪ টাকা, ফুলকপি ৩৬ টাকা, মিষ্টি কুমড়া ২৪ টাকা, বেগুন ৩০-৩২ টাকা ও টমেটো ৬০-৬৫ টাকায় বিক্রি করছেন বলে জানান তিনি। দোকানিরা বললেন, কাজির দেউড়ি বাজারে প্রায় প্রতিটি সবজির দাম দুই থেকে ১০ টাকা বেশি। সবজির দাম বাড়ার কারণ কী? জানতে চাইলে মফিজ বলেন, ‘পাইকারি দরে রিয়াজউদ্দিন বাজার থেকে এক মণ বাঁধাকপি কিনেছি। এর মধ্যে ১৫ কেজিই ডাঁটা আর পচা পাতা। বাকি ২৫ কেজি বিক্রি করছি। আমাদেরও বাঁচতে হবে। তাই দু-এক টাকা বেশি দামে বিক্রি করছি।’ শুধু সবজি নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। মোমিন সড়কের চিটাগাং স্টোরে চিনিগুঁড়া চাল ৮০ টাকা, মিনিকেট ৩৮ টাকা, গোবিন্দভোগ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০-৩২ টাকার নিচে মোটা চাল পাওয়া যাচ্ছে না বাজারে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৩৬ টাকা। এ সপ্তাহে কমে ৩০ টাকায় এলেও গত শুক্রবার বেড়ে হয়েছে ৪০ টাকা। রসুন, আদা ও ভোজ্যতেলের দামও বেড়েছে। গত সপ্তাহে রসুন ১৬০ টাকা, আদা ১৩০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে যথাক্রমে ১৭০ টাকা ও ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত তেল প্রতিকেজিতে আট টাকা বেড়েছে।চিটাগাং স্টোরের মালিক নিখিলচন্দ্র দে বলেন, ‘খাতুনগঞ্জ থেকে এক বস্তা রসুন বা পেঁয়াজ কিনলে তাতে দু-তিন কেজি পচা পড়ে। এ ছাড়া পরিবহন খরচ আছে। সব মিলিয়ে দাম ওঠানামা করে। আর আমদানি কমে গেলে দাম বেড়ে যায়।’নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও মাছ, মুরগি ও গরুর মাংসের দাম কমেছে। জোগান বেশি, তাই মাছের দাম দিন দিন কমছে বলে জানান কাজীর দেউড়ি বাজারের বিক্রেতা মো. জয়নাল। গরুর মাংস বিক্রেতা মো. বাবর জানান, ‘অ্যানথ্যাক্সের ভয় এখনো কমেনি। তাই মাংসের বিক্রি কম হচ্ছে, দামও কমছে।’ গরুর মাংসের কেজি ২৫০-৩০০ টাকা, দেশি মুরগি বৃহস্পতিবার ২৪০ টাকা আর শুক্রবারে ২৬০ টাকা, খামারের বড় আকারের মুরগি ১২৫ টাকা, ছোট ১৩৯ টাকায় বিক্রি হচ্ছে। কোরবানির ঈদে দাম বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। হোসাইন ডি স্টোরের কর্মচারী গোপালকান্তি দাশ বলেন, ‘ঈদে মসলা, পেঁয়াজ, রসুন, আদার দাম আরও বাড়ার সম্ভাবনা আছে।’ মুরাদপুর দুই নম্বর গেটের কর্ণফুলী বাজারে কথা হয় ক্রেতা রওনক জাহানের সঙ্গে। তিনি বলেন, ‘আগে বহদ্দারহাট থেকে বাজার করতাম। ওখানে জোগান বেশি বলে দাম কম। কিন্তু পরিবেশ অপরিষ্কার হওয়ায় মহিলাদের কেনাকাটা করতে সমস্যা হয়। কর্ণফুলী বাজার সেই তুলনায় পরিচ্ছন্ন। জিনিসের দাম কেজিতে দু-তিন টাকা বেশি হলেও এখান থেকে বাজার করি।’