৩০ লাখ তারা

এই তো আসছে বিজয়ের মাস। এই তো আসছে আবার দেশপ্রেমের পরীক্ষা দেওয়ার কাল। নিজেকে আর একবার প্রশ্ন করার সময়।
আমার কাছে ১৬ ডিসেম্বরের একক কোনো অর্থ নেই। শুধু বিজয় দিবস বললে তাতে মন ভরে না।
লাল ফ্রক পরা সেই ছোট্ট মেয়েটি আমার কাছে ১৬ ডিসেম্বর, টেকনাফের ফসলের খেতে যাকে দেখেছিলাম একঝলক। ফসলের সবুজ জমিনে ওর লাল ফ্রকটি দেখে মনে হচ্ছিল, আমি বাংলাদেশ দেখেছি।
কুমিল্লার গোমতী নদীর তীরে চায়ের দোকানের সেই অশীতিপর বৃদ্ধটি আমার কাছে ১৬ ডিসেম্বর, যাঁর চকচকে চোখ ম্লান হয়ে গিয়েছিল স্মৃতির কামড়ে। ডান হাত সামনে প্রসারিত করে যিনি বলেছিলেন, এই নদী দিয়েই একের পর এক লাশ ভেসে গিয়েছিল একাত্তরে।
ঢাকার সাতরাস্তার ধারে ডিম বিক্রেতা সেই বালিকাকে আমার মনে হয় বিজয়ের সুর, নিজে ডিম বিক্রি করলেও একটি ডিমও খেয়ে দেখার মতো আর্থিক সংগতি যার হয়নি।
শীত শীত ভোরে ঈদের দিন তেঁতুলিয়ার ডাকবাংলোয় ইতস্তত ঘুরে বেড়ানো ছোট্ট শিশুটি আমার কাছে বিজয় দিবস, চোখে খেলনা সানগ্লাস লাগিয়ে যে ঘুরে বেড়াচ্ছিল অসংকোচে আর বন্ধুদের ডেকে ডেকে বলছিল, দ্যাখ তো আমারে শাকিব খানের মতো লাগে না?
রংপুরের গঙ্গাচড়ার নাম ভুলে যাওয়া গ্রামটি আমার কাছে ১৬ ডিসেম্বর, যে গ্রামের মানুষ এখনো জানে না, স্যানিটারি টয়লেট বলে কোনো কিছু আছে।
বিজয় দিবসের কথা মনে হলেই বিক্ষিপ্তভাবে চোখে দেখি অগোছালো কিছু ছবি, যার সঙ্গে হয়তো এ দিনটির সম্পর্ক নেই কোনো। তবুও কি নেই?
বিচ্ছিন্ন এই ছবিগুলো দিয়েই তো গড়ে ওঠে আমাদের মানচিত্র।
স্বপ্ন দেখেছিল যারা একটি মানচিত্রের, তাদের সে স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু তারপর কী?
আমার কাছে এবারের ১৬ ডিসেম্বর একটু অন্য রকম। যারা আমার বাবাকে হত্যা করেছিল একাত্তরে, তাদেরই একজনের শাস্তি হয়েছে বুদ্ধিজীবী হত্যা মামলায়। আমি আমার বাবাকে মনের কোনো এক অজানা ঠিকানায় চিঠি লিখে জানাই, বাবা, ওদের শাস্তি হচ্ছে।
বাবা হাসেন। সেই হাসিতে দেখি ৩০ লাখ ফুল ফুটে উঠছে আমার চারপাশে, চারদিক ভেসে যাচ্ছে আলোকের ঝরনাধারায়। আর সেই আলোয় উদ্ভাসিত দেশ থেকে একে একে নিশ্চিহ্ন হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতির জগদ্দল পাথর। একাত্তরের স্মৃতিসৌধগুলোয় লাখ লাখ তারা এসে ভিড় জমাচ্ছে। বধ্যভূমিগুলো থেকে উঠে আসছেন শহীদেরা, স্পর্শ করছেন আমাদের হাত। তারপর বলছেন, তোমরা কি এই মাঠগুলো, এই জলাভূমিগুলো, এই জঙ্গলগুলো চিহ্নিত করতে পেরেছ, যাকে বধ্যভূমি বলা হয়? তোমরা কি তাদের চিহ্নিত করতে পেরেছ, যারা আমাদের বুক ঝাঁজরা করে দিয়েছে অপবিত্র অস্ত্রে?
সহসা আমাদের বোধোদয় হয়। সহসা লজ্জার বৃষ্টি এসে ভিজিয়ে দেয় আমাদের শরীর। আমরা মিনমিন করে বলি, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তাঁরা হাসেন এবং ৩০ লাখ তারা হয়ে আকাশে ছড়িয়ে পড়েন।
আর তখন আমরা আমাদের উত্তরসূরিদের বলি, ওই ৩০ লাখ তারার প্রতি নত হও। তাঁরা যে মানচিত্র গড়েছেন রক্ত দিয়ে, সেই মানচিত্রের সম্মান রক্ষা করো। তাহলেই মানচিত্রের প্রতিটি বিন্দুতে তাঁদের পাবে।
আমাদের উত্তরসূরিরা একবার আমাদের দিকে তাকায়, একবার আকাশের তারার দিকে।
এরপর তারা কী করবে, সেটা তারাই ভাবুক নাহয়।