৩০টি ফুটবল মাঠের সমান টেলিস্কোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধা কিলোমিটার ব্যাসের এই রেডিও টেলিস্কোপটি স্থাপন করা হয়েছে চীনের  দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিজুহাও প্রদেশে l ছবি: বিবিসি
আধা কিলোমিটার ব্যাসের এই রেডিও টেলিস্কোপটি স্থাপন করা হয়েছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিজুহাও প্রদেশে l ছবি: বিবিসি

মহাবিশ্বে আর কোনো গ্রহে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী তথা এলিয়েন আছে কি না, তা বহু বছর ধরেই ভাবিয়ে আসছে মানুষকে। পৃথিবীর আকাশে বিভিন্ন সময়ে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর উপস্থিতির গুজব এ ভাবনাকে করেছে আরও চাঙা। এসব প্রশ্নের উত্তরসহ অচেনা মহাবিশ্বের খুঁটিনাটি জানতে দিনরাত খাটছেন বিজ্ঞানীরা। এবার তারই অংশ হিসেবে বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ নির্মাণ করল চীন। এটির আকার প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান।
আধা কিলোমিটার ব্যাসের (১ হাজার ৬৪০ ফুট) এই রেডিও টেলিস্কোপটি স্থাপন করা হয়েছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চিজুহাও প্রদেশে। গতকাল রোববার টেলিস্কোপটি উদ্বোধন করা হয়েছে। শুরু হয়ে গেছে পরীক্ষামূলক কার্যক্রমও। এরই মধ্যে এটি প্রথম সংকেতও ধরতে পেরেছে বলে দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা।
চীনের জাতীয় মহাকাশ পর্যবেক্ষণ সংস্থার একটি প্রকল্প এই টেলিস্কোপ। পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও পুরোদমে কাজ শুরু করতে আরও তিন বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা দেশটির বিজ্ঞানীদের। পাঁচ বছর সময় লেগেছে এটি নির্মাণে। ব্যয় হয়েছে ১৮ কোটি ডলার। এর ডিশে বসানো হয়েছে হাজার হাজার ত্রিভুজাকৃতির প্যানেল। এর আগে পুয়ের্তো রিকোর আরেসিবো মানমন্দিরের টেলিস্কোপটি ছিল বিশ্বের সর্ববৃহৎ। এর ব্যাস ৩০৫ মিটার।
চীনের ফাইভ হানড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ (ফাস্ট) প্রকল্পটির উপব্যবস্থাপক অধ্যাপক খাঙ বোও বলেন, ‘অনেক বছর ধরে মহাকাশ পর্যবেক্ষণে আমাদের চীনের বাইরে যেতে হয়েছে। এখন আমাদের এমন একটি টেলিস্কোপ আছে, যা বিশ্বের সর্ববৃহৎ।’