৩০০ অফিসার নিয়োগ করবে দিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টে (দিশা) দুটি পদে মোট ৩০০ জন লোক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের বিজ্ঞপ্তিটি গত ১০ জুলাই প্রথম আলোর ১৭ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি দেশের ১৬টি জেলায় দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণের পাশাপাশি আলোঘর কার্যক্রম, ডেইরি অ্যান্ড লাইভস্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, টেকনিক্যাল ট্রেনিং, স্বাস্থ্য ও শিক্ষা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করছে। এখানে সিনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার পদে লোক নিয়োগ করা হবে। পদ দুটিতে আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র ক্রেডিট অফিসার পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো বিষয়ে মাস্টার্স বা সমমান ডিগ্রি পাস হতে হবে। বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে ক্রেডিট অফিসার পদে তিনটি গ্রেডে লোক নিয়োগ করা হবে। ক্রেডিট অফিসার (গ্রেড-১) পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি পাস থাকতে হবে। ক্রেডিট অফিসার (গ্রেড-২) পদের প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ পেয়ে স্নাতক বা সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৩২ বছরের মধ্যে। আর ক্রেডিট অফিসার (গ্রেড-৩) প্রার্থীরা সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ পেয়ে এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২২ থেকে ৩২ পর্যন্ত থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে।

এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবিযুক্ত (মোবাইল নম্বরসহ) স্বহস্তে লিখিত দরখাস্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০ বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে ১১, ঢাকা-১২১৬ ঠিকানায় ডাকযোগে অথবা [email protected] পাঠাতে হবে। দিশার পরিচালক (প্রশাসন) ফজলুল হক বলেন, আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের পদ অনুযায়ী ভিন্ন প্রশ্নে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ১০ নম্বর থাকবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর। লিখিত পরীক্ষার তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে বলে জানান ফজলুল হক।

চূড়ান্তভাবে নির্বাচিত একজন সিনিয়র ক্রেডিট অফিসার শিক্ষানবিশকাল শেষে নিয়মিত স্কেলে মাসিক সর্বসাকল্যে ২০ হাজার ৯৮০ টাকা বেতন পাবেন। আর একজন ক্রেডিট অফিসার (গ্রেড-১) শিক্ষানবিশকাল শেষে নিয়মিত স্কেলে সর্বসাকল্যে ২০ হাজার ৩৪০ টাকা, ক্রেডিট অফিসার (গ্রেড-২) ১৯ হাজার ৪৪০ টাকা এবং ক্রেডিট অফিসার (গ্রেড-৩) পদে ১৮ হাজার ৫৪০ টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের ৭ হাজার ৫০০ টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.disabd.org ওয়েবসাইটে।