প্রবল বৃষ্টি আর সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ছয় ইউনিয়নের ১৭টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ৫৬টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৩০০ ঘরবাড়ি ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচ হাজার ঘরবাড়ি। বৃষ্টি অব্যাহত থাকলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় সাংসদ হামিদুর রহমান আজাদ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, জলোচ্ছ্বাসের কারণে উপজেলার প্রায় চার হাজার একর ফসলি জমি ও পাঁচ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৈয়ারবিলের বেড়িবাঁধের বাইরে থাকা হাজারেরও বেশি ভূমিহীন পরিবার লবণ পানিতে ভাসছে। আলী আকবর ডেইলের কুমিরাছড়া, তাবলেরচর, বায়ুবিদ্যুৎকেন্দ্র এলাকাসহ কৈয়ারবিল, লেমশীখালী, উত্তর ধুরুং, আলী আকবর ডেইল ইউনিয়নের ৫৬টি গ্রাম প্লাবিত হয়েছে। লেমশীখালী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোছাইন জানান, জলোচ্ছ্বাসে গত কয়েক দিনে পেয়ারাকাটা থেকে দক্ষিণে কড়লাপাড়া পর্যন্ত ১০টি অংশে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ২০০ একরের আউশের বীজতলা এবং প্রায় ৩০০ কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ মেরামত করা না হলে আরও কয়েক শ ঘরবাড়ি সাগরে তলিয়ে যাবে। স্থানীয় সতর উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল্লাহ কায়সার জানান, পেয়ারাকাটা গ্রামের কয়েকটি স্থানে বেড়িবাঁধ বিলীন হওয়ায় বিদ্যালয়টি ঝুঁকির মুখে পড়েছে। এখন কোমর সমান পানিতে বিদ্যালয়টি নিমজ্জিত হওয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে। উত্তর ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান সিরাজদ্দৌলা জানান, তাঁর ইউনিয়নের ফয়জানিরপাড়া, কাইছারপাড়া ও চর ধুরুং এলাকার বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমগীর জানান, মধ্যম কৈয়ারবিল, ফকিরাপাড়া ও বিন্দাপাড়ায় বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রামে লোনা পানি ঢুকেছে। এতে কয়েক শ বসতবাড়ি লোনা পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী জানান, বায়ুবিদ্যুৎকেন্দ্র থেকে পশ্চিম তাবলেরচর পর্যন্ত এক কিলোমিটার এবং কুমিরারছড়া জেলেপাড়ায় এক কিলোমিটার বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে শত শত ঘরবাড়ি প্লাবিত হচ্ছে।তা ছাড়া, ইউনিয়নের আনিচের ডেইল, পূর্ব তাবলেরচর গ্রামের শত শত হেক্টর ফসলি জমি লোনা পানিতে তলিয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুতুবদিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, চলতি পূর্ণিমায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে। এতে ১৭টি স্থানে কয়েক কিলোমিটার বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে গ্রামাঞ্চল প্লাবিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় তিন হাজার ৩০০ হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। কিন্তু জোয়ারের পানি ঢুকে আউশের প্রায় চারা নষ্ট হয়ে যাচ্ছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাছিনা আকতার জানান, এই দ্বীপের চারদিকে ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার সম্পূর্ণ বিলীন অবস্থায় রয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও ১০ কিলোমিটার। শিগগিরই ভাঙা বেড়িবাঁধ মেরামত সম্ভব না হলে এই বর্ষায় বিভিন্ন গ্রামের কয়েক হাজার বসতবাড়ি সাগরে বিলীন হয়ে যাবে।