৩০০ মরা গর্জন নিয়ে বিপাকে বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার ফুলছড়ি বন রেঞ্জের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের (ন্যাশনাল পার্ক) ৩০০টি মরা গর্জনগাছ নিয়ে বিপাকে পড়েছে বন বিভাগ। কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় প্রায় পাঁচ কোটি টাকা দামের গাছগুলো বিক্রি করা যাচ্ছে না। বনকর্মীরা জানান, বর্ষার আগে গাছগুলো বিক্রি করা গেলে সরকারি কোষাগারে পাঁচ কোটি টাকা জমা হতো। বন বিভাগের এক কর্মকর্তা জানান, দরপত্র আহ্বানের মাধ্যমে মরা গাছ নিলামে বিক্রির অনুমতি চেয়ে ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে একাধিকবার পত্র পাঠানো হয়েছে। ৫০-১০০ বছরের পুরোনো এসব গাছের প্রতিটি এক থেকে দুই লাখ টাকায় বিক্রি করা যাবে। সূত্র জানায়, ২০০৪ সালে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ৩৯৫ দশমিক ৯২ হেক্টর বনাঞ্চল নিয়ে প্রথম জাতীয় উদ্যান ঘোষণা করেন। ওই সময় উদ্যানে গর্জনগাছ ছিল ১০ হাজার ৩৫৩টি। কিন্তু নানা কারণে বহু মূল্যবান গর্জনগাছ হারিয়ে যায়। সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তরা গোড়ায় লবণ ও বিষাক্ত তুঁত দিয়ে গাছ মেরে কেটে নিচ্ছে। এ নিয়ে প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার (উত্তর) বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাসুদ রানা জানান, ২০০৪ সালে যখন উদ্যান ঘোষণা করা হয় তখন বনে গর্জনগাছ ছিল ১০ হাজার ৩৫৩টি। কিন্তু গত ২ এপ্রিল নতুন গণনায় পাওয়া গেছে ১০ হাজার ৭৫টি গাছ। বাকি ২৭৬টির মধ্যে গত ছয় বছরে কেটে ফেলা হয়েছে ১৮৪টি। এসব গাছ উদ্ধার করে ১৮৪টি মামলা করা হয়। বাকি ৯২টি গাছ ঘূর্ণিঝড়ে উপড়ে পড়ে। এসব গাছ থেকে পাওয়া গেছে তিন হাজার ১৮৫ ঘনফুট কাঠ। এক প্রশ্নের জবাবে এসিএফ মাসুদ রানা জানান, ‘বর্তমানে উদ্যানের ভেতর পাঁচ-সাত বছরের মধ্যে মরে যাওয়া ৩০০ গর্জনগাছ আছে। এসব গাছ কেটে ফেলার ক্ষমতা আমাদের নেই। বর্ষায় এসব গাছ পচে নষ্ট হবে।’ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সরকার রাজস্ব আয়ের বিষয়টি মাথায় রেখে মরা গাছগুলো কেটে ফেলার অনুমতি দিলে কাটা সম্ভব হবে। স্থানীয় ফুলছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. নিজামত উল্লাহ জানান, অনেক গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে। ঝড়ো হাওয়া বইলে এসব গাছ ভেঙে পড়তে পারে। চুরির আশঙ্কায় প্রতিদিন একজন বিট কর্মকর্তার নেতৃত্বে ছয় বনকর্মী মরাগাছ পাহারা দিচ্ছেন। তিনি জানান, গত দুই বছরে উদ্যানের ৪০টির বেশি গাছ চুরির অভিযোগে ২০০ জনকে আসামি করে চকরিয়া থানায় ৪৩টি মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, গত মার্চেও একাধিক বন মামলার ১২ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বন বিভাগের মামলায় অভিযুক্তদের অধিকাংশেরই নাম ঠিকানা ঠিক না থাকায় ধরা যাচ্ছে না।