৩০০ হোটেলে ক্ষতি ৯৭ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটক নেই। ফাঁকা কক্সবাজারের সৈকত পারের কলাতলী হোটেল-মোটেল জোন। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা   প্রথম আলো
পর্যটক নেই। ফাঁকা কক্সবাজারের সৈকত পারের কলাতলী হোটেল-মোটেল জোন। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা প্রথম আলো

১৮-দলীয় জোটের টানা ২৭ দিনের অবরোধ কর্মসূচিতে বিপর্যস্ত কক্সবাজারের হোটেল ব্যবসায়ীরা। পর্যটক না থাকায় খাঁ খাঁ করছে সমুদ্রসৈকত। ভরা মৌসুমেই লোকসান গুনে দিশেহারা ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা যায়, আগের ক্ষতি বাদ দিয়ে এই ২৭ দিনে ছোট-বড় প্রায় ৩০০ হোটেল-মোটেল ও গেস্ট গাউসের লোকসান প্রায় ৯৭ কোটি টাকা। সরকারও প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। পর্যটক না থাকায় গত নভেম্বর মাস থেকে ৯৮ শতাংশ হোটেল বন্ধ রয়েছে। এ কারণে ছাঁটাই হয়েছে ছয় হাজারের বেশি কর্মচারী।
গত বৃহস্পতিবার দুপুরে সৈকতের পাশের হোটেল কল্লোল, সি-ওয়ার্ল্ড, ডায়মন্ড প্লেস, সি পার্ক, সাগরগাঁও, সি-কুইনসহ অন্তত ২৫টি হোটেল ঘুরে দেখা গেছে, সেখানে কোনো পর্যটক নেই।

হোটেল সাগরগাঁওয়ের ব্যবস্থাপক নুরুল আমিন জানান, হোটেলের ৭১টি কক্ষের মধ্যে দৈনিক দুটি বা তিনটি কক্ষ বুকিং হয়। তাও পর্যটক নয়। আশপাশের উপজেলার লোকজন নানা কাজে শহরে এসে থাকছেন। অতিথি না থাকায় গত নভেম্বর মাসে তাদের প্রায় আড়াই লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।
এ ছাড়া হোটেল ওশান প্যারাডাইস, সি-গাল, প্রাসাদ প্যারাডাইস, লং বিচসহ শতাধিক হোটেল মাসিক তিন থেকে ৪০ লাখ টাকা লোকসান দিচ্ছে।

কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, টানা অবরোধ কর্মসূচির কারণে পর্যটক না থাকায় গত নভেম্বর মাসে শহরের তিন শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউসের প্রায় ১২০ কোটি টাকার লোকসান হয়েছে। আর গত ২৭ দিনের হিসাবে লোকসান দাঁড়িয়েছে প্রায় ৯৭ কোটি টাকা। ছাঁটাই করা হয়েছে ছয় হাজারের বেশি কর্মচারী। চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে প্রায় সব হোটেল-মোটেল বন্ধ হয়ে যাবে। তিনি জানান, ব্যবসা জমলে এসব হোটেল-মোটেল থেকে সরকার প্রতি মাসে পাঁচ কোটি টাকার বেশি রাজস্ব পেয়ে থাকে। লোকসানের কারণে এখন সে রাজস্বও পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে হোটেল মালিকদের পক্ষ থেকে শুল্ক ও আয়কর বিভাগকে এ ব্যাপারে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে হোটেলের পাশাপাশি খাবারের দোকানগুলোও লোকসান দিচ্ছে। কলাতলীর হোটেল-মোটেল জোনে স্থাপিত আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ কেএফসির ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, এই রেস্তোরাঁয় আগে দিনে গড়ে দেড় লাখ টাকার খাবার বিক্রি হলেও এখন তা দাঁড়িয়েছে মাত্র ২৯ হাজার টাকায়। বিক্রি কমে যাওয়ায় গত নভেম্বর মাসে তাঁদের লোকসান দিতে হয়েছে ছয় লাখ ৯৭ হাজার টাকা। অবরোধ কর্মসূচি চলতে থাকলে লোকসান আরও বাড়তে পারে।
টুর অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্য আবদুর রহমান বলেন, পর্যটকশূন্যতায় শহরে পর্যটকদের নানা সেবায় নিয়োজিত ১২০টি টুর অপারেটর প্রতিষ্ঠানের ছয় শতাধিক কর্মচারী বেকার জীবন কাটাচ্ছেন। পর্যটক না থাকায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পাঁচটি জাহাজ অচল পড়ে আছে।

হোটেলের মালিকেরা জানান, গত বছর এই সময়ে (পর্যটনের ভর মৌসুমে) সমুদ্রসৈকতে দিনে গড়ে ৭০ হাজার পর্যটকে ভরপুর ছিল। আর এখন ১০০ জনও নেই। অবরোধ কর্মসূচি আর রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে পর্যটকেরা ভ্রমণে আসার ঝুঁকি নিচ্ছেন না।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়।
ওই সময় কক্সবাজারসহ সারা দেশে উগ্রধর্মান্ধ গোষ্ঠী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। মূলত এর পর থেকে কক্সবাজারে পর্যটক আসা কমে গেছে।