ফটিকছড়ি উপজেলার সাতটি কলেজসহ ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০টিতেই শহীদ মিনার নেই। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথভাবে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে না। গত বছর কোনো কোনো বিদ্যালয়ে বাঁশ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।জানা যায়, উপজেলায় পাঁচটি ডিগ্রি কলেজের মধ্যে শুধু ফটিকছড়ি ডিগ্রি কলেজ এবং লায়লা কবির ডিগ্রি কলেজে শহীদ মিনার আছে। অন্য দুটি স্কুল অ্যান্ড কলেজের একটিতেও শহীদ মিনার নেই। যে কটি বিদ্যালয়ে শহীদ মিনার আছে সেগুলোও যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনোটিতেই একটি শহীদ মিনার নেই। ৫৯টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে কেবল ফটিকছড়ি করোনেশন উচ্চবিদ্যালয়, নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয় এবং হেঁয়াকো বনানী উচ্চবিদ্যালয়ে শহীদ মিনার আছে। এ ছাড়া দাখিল-কামিল পর্যায়ের ৩৩টি মাদ্রাসার একটিতেও শহীদ মিনার নেই।খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চবিদ্যালয়ে বাঁশ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন জানান, গত বছরের মতো এবারও একইভাবে শহীদ মিনার তৈরি করা হবে। সেখানে শ্রদ্ধা জানানো হবে ভাষাশহীদদের প্রতি।নাজিরহাট আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. আনছার ও আব্বাস উদ্দিন তাদের বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের দাবি জানিয়ে বলে, শহীদ মিনার না থাকায় তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা জানাতে পারে না। এবারও একই অবস্থা হবে।নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী জানান, তাঁর প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পূর্ব ধলই খাদিজা মালেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বলেন, ‘সম্প্রতি বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পেয়েছে। শিগগিরই বিদ্যালয় প্রাঙ্গণে একটি শহীদ মিনার স্থাপন করা হবে।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা উচিত। কারণ, কোমলমতি শিক্ষার্থীরা শহীদ মিনার দেখে ২১ ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলন সম্পর্কে জানতে আগ্রহী হবে। কিন্তু এ ব্যাপারে অর্থ বরাদ্দ না থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হয় না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, ‘শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা দিবসটি যথাযথভাবে পালন করতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য সরকারিভাবে বরাদ্দ থাকা উচিত।’উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বোরহান উদ্দিন চৌধুরী বলেন, ‘ভাষা আন্দোলনের ৬০ বছর পার হলেও অনেকেই এর সঠিক ইতিহাস জানে না।’ মাতৃভাষার সঠিক ইতিহাস জানতে ও ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানানোর লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের দাবি জানানো হয়। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আগামী বছরের মধ্যে অন্তত পাঁচ-সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’