৩২ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই। তৃষ্ণা পেলে অন্যের বাড়ি গিয়ে পানি চেয়ে পান করতে হয় শিক্ষার্থীদের। এ জন্য প্রায় সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় শিশু শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে নলকূপ না থাকায় তাদের পানির তৃষ্ণা পেলে আশপাশের বাড়িতে গিয়ে পানি চাইতে হয়। কোনো কোনো বাড়ির লোকজন পানি দিলেও অনেকে গড়িমসি করেন। এতে তারা বিব্রতকর অবস্থায় পড়ে। চর চান্দিয়া হোসেন মাস্টার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী দাস জানান, বিদ্যালয়ে নলকূপ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের কেউ কেউ বিদ্যালয়ে আসার সময় বাড়ি থেকে বোতলে করে পানি নিয়ে আসে। যারা আনতে পারে না তাদের আশপাশের বাড়ি হতে পানি সংগ্রহ করে পান করতে হয়। বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপনের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান। উত্তরচর মজিলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল আলম জানান, দীর্ঘদিন থেকে তাঁর বিদ্যালয়ের নলকূপটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে।ফলে শিক্ষক-শিক্ষার্থীদের পানীয়জলের সংকট লেগেই আছে। নলকূপটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কাজ হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ১০১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৭৬টি এবং বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫টি। ৩২টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। বাকিগুলোর মধ্যে ১৫টি নলকূপ নষ্ট। সোনাগাজী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফকির মো. নুরুল ইসলাম জানান, গত কয়েক বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বেশ কয়েকটি বিদ্যালয়ে নলকূপ স্থাপন করেছে। কিন্তু সব নলকূপই এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ আলী উপজেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সংকটের কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি জানান, যেসব বিদ্যালয়ে নলকূপ নষ্ট অথবা নেই-সেগুলোর তালিকা তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে পাঠানো হয়েছে।