‘৩২ জন প্রার্থী একসঙ্গে প্রচারণায় নেমেছেন। সন্ধ্যার পর মাইকের শব্দে কান পাতা দায়। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। দোকানের বেচাকেনায় সমস্যা হচ্ছে। এমন হট্টগোল হলে প্রার্থীদের প্রচারণায় নেমে কী লাভ! কে কী বলছেন কিছুই তো বুঝতে পারছে না ভোটাররা।’
কিছুটা ক্ষুব্ধ হয়েই কথাগুলো বলেন দাগনভূঞা উপজেলা সদরের ব্যবসায়ী আবুল কাশেম। গত শনিবার দুপুর দেড়টায় দাগনভূঞা বাজারে বসে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকে প্রচারণা চালানোর নিয়ম থাকলেও সেদিন বেলা একটার কিছু পরেই প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু হয়ে গিয়েছিল। বিপুলসংখ্যক প্রার্থীর প্রচার অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা সরগরম হয়ে উঠলেও শব্দদূষণের কারণে বিরক্ত ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৫ মার্চ দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে। এবার তিনটি পদে ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। চলছে পোস্টার লাগানো এবং মাইকে প্রচারণা।
দলীয় প্রার্থী ছাড়াও তিনটি পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক সমর্থক নির্বাচন করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা দিদারুল কবির। পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক আবদুল হাই ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ানও প্রার্থী হয়েছেন।
বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন। তবে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেমও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, জাতীয় পার্টির সমর্থক আবদুল ওয়াদুদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সমর্থক বিজন ভৌমিকও প্রার্থী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৮ জন। এর মধ্যে সাতজনই আওয়ামী লীগের সমর্থক। বর্তমান ভাইস চেয়রম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দলীয় সমর্থন পেলেও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোহাম্মদ আলমগীর স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আবসার, মহিউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, এম নজরুল ইসলাম ও মো. ফরহাদ হোসেনও এ পদে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সমর্থন পেয়েছেন উপজেলা জামায়াতের আমীর এ এস এম নুরনবী। তবে বিএনপির সমর্থক আবুল কাশেম, আমির হোসেন, এনায়েত উল্যাহ, জামাল উদ্দিন, কামরুল উদ্দিন, জামাল উদ্দিন, শওকত আলী ও মো. ইসমাইল হোসেনও এ পদে প্রার্থী হয়েছেন।
এ ছাড়া বাসদ সমর্থিত অর্জুন কুমার দাশ ও স্বতন্ত্র হিসেবে নছির উদ্দিনও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে সাতজন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন শাহেদা আক্তার। তবে আওয়ামী লীগ সমর্থক আরজুমান আক্তার, রোকসানা আক্তার, শাহানাজ আক্তার ও ফারহানা নিগার সুলতানাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পদে বিএনপির সমর্থন পেয়েছেন বর্তমান নারী ভাইস চেয়ারম্যান—জাহানারা আক্তার। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আশারাফের নাহার।
বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকে প্রাচারণা চালানোর নিয়ম থাকলেও অনেক প্রার্থী সেটা মানছেন না। এ প্রসঙ্গে ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এদিকে বড় দুই দলের একাধিক প্রার্থী প্রসঙ্গে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দিদারুল আলম বলেন, নির্বাচনের আগেই তাঁরা বসে বিষয়টি ঠিক করবেন।
বিএনপি সমর্থিত প্রার্থী মো. আকবর হোসেন বলেন, দলীয় নেতাকর্মী এবং সমর্থকেরা তাঁর পক্ষে রয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে তাঁরা কেউ ভোট দেবেন না।