৩৩০০ একর বনাঞ্চল পাহারায় দুজন প্রহরী!
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের ৩৩০০ একর বনাঞ্চল পাহারায় রয়েছে মাত্র দুজন বনপ্রহরী। বিশাল এ বনাঞ্চল পাহারা দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা। আর এ সুযোগে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরের দল। কোদালা বিট কার্যালয় সূত্র জানায়, বিটের আওতায় তিন হাজার ৩৪৬ একর সংরক্ষিত বন ভূমি রয়েছে। যেখানে ১৯৭৫ সালে বাগান সৃজন করা হয়। এসব বাগানে সেগুন, গর্জন, গামারি, মেহগনি, চাপালিশ, আকাশমণিসহ নানা প্রজাতির গাছ রয়েছে। রয়েছে প্রাকৃতিক বেতও। স্থানীয় লোকজন জানান, সর্বশেষ ২০০৬ সালেও সামাজিক বনায়ন করে বন বিভাগ। সামাজিক বনায়নের আওতায় বিটের নিশ্চিন্তাপুর, জঙ্গল নিশ্চিন্তাপুর, আগুনিয়া, গজালিয়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ উপকারভোগী নিয়োগ দেওয়া হয়। যাঁদের তত্ত্বাবধানে নতুন করে লাগানো হয় সেগুন, গামারি, গর্জন, আকাশমণিসহ নানা প্রজাতির গাছ। কিন্তু দুর্বৃত্তদের কবল থেকে গাছ রক্ষা করা মুশকিল হয়ে পড়েছে। লালানগরের জঙ্গল নিশ্চিন্তাপুর গ্রামের উপকারভোগী ফখরুল ইসলাম জানান, কোদালা বনবিটের চারপাশে লালানগর, হোসনাবাদ, রাজানগর, ইসলামপুর ও কোদালা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ১৩৯টি ইটভাটা রয়েছে। যেখানে পোড়ানো হয় কাঠ। কাঠের এ বিশাল চাহিদা পূরণের জন্য দুর্বৃত্তরা কোদালা বিটের সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কোদালা বিট কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘এত বড় বনাঞ্চল পাহারা দেওয়া দুজন বনপ্রহরীর পক্ষে সম্ভব নয়। ফলে আমরা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছি।তা ছাড়া বিটে ব্যবহূত বন্দুকটিও পুরোনো। গুলি একটি ছুড়লে, আরেকটি ছুড়তে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তবু জীবনের ঝুঁকি নিয়ে গত এক মাসে দুর্বৃত্তদের কাছ থেকে বিপুল পরিমাণ গাছ উদ্ধার করা হয়েছে। মামলাও করা হয় ২০টি।’ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক কৃষ্ণপদ সাহা বলেন, কোদালা বনবিটের সামাজিক বনায়নের বাগান পাহারায় প্রয়োজনীয় বনপ্রহরী নিয়োজিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বনাঞ্চল রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।