৩৫ ইটভাটার অনুমোদন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলায় ৩৫টি ইটভাটার সবকটিই চলছে প্রশাসনিক অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া। এসব ভাটায় অবৈধভাবে অবাধে কচি গাছ পোড়ানো হচ্ছে। অধিকাংশ ভাটায় বিধি না মেনে ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি।পরিবেশ অধিদপ্তরের ২০০৮ সালের এক পরিপত্র অনুযায়ী তিন পার্বত্য জেলার অভ্যন্তরে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। গত ৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে সরকারি প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে ইটভাটা নির্মাণ করা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরত রাখতে বলা হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদার ব্যবসায়ীদের মতে, এখানে ইট তৈরির অনুমতি না দেওয়া হলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ইট এনে সরকারি-বেসরকারি উন্নয়নকাজ করতে হবে। এতে সংশ্লিষ্ট খাতে উন্নয়ন ব্যয়ও বেড়ে যাবে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী জেলায় ২৮টি ইটভাটা রয়েছে। তবে বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী এ সংখ্যা ৩৫টি। এর মধ্যে খাগড়াছড়ি সদরে সাতটি (প্রশাসনের হিসাবে পাঁচটি), মহালছড়ি উপজেলায় তিনটি (প্রশাসনের হিসাবে দুটি), মাটিরাঙ্গা উপজেলার ১২টি (প্রশাসনের হিসাবে সাতটি) ভাটায় ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে।খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম জেলায় ২৮টি ইটভাটা থাকার কথা স্বীকার করে বলেন, এর মধ্যে কোনোটির অনুমোদন নেই। শিগগিরই অনুমোদনহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি জেলার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম অনুমোদন ছাড়াই প্রতিবছরের মতো এ বছরও ইটভাটা চালুর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সরকারি অনুমোদন না থাকলেও আমরা সরকারের কাছে আয়কর পরিশোধ করছি।’ খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ‘এখানে সহজে ইট পাওয়া না গেলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড থেমে যাবে।’ খাগড়াছড়ির নির্মাণ ঠিকাদার নান্টু চাকমা বলেন, উন্নয়নের স্বার্থে পার্বত্য অঞ্চলে শর্তসাপেক্ষে হলেও ইটভাটা চালুর অনুমোদন দেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘আমি এ জেলায় ইটভাটা চালুর বিরোধী নই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় থেকে তা চালাতে হবে।’সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি গত মাসে এক বৈঠকে পার্বত্য চট্টগ্রামে ইটভাটা স্থাপনের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।