কাপ্তাই উপজেলার বরইছড়ি সদর থেকে রাঙামাটির ঘাঘড়া পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কে ৯৭টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। বাঁকগুলো সড়ক দুর্ঘটনা ও ছিনতাইয়ের কারণ হিসেবে দেখা দিয়েছে। এসব বাঁকে ছিনতাইকারীদের কবল থেকে রেহাই পাননি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে কলেজের শিক্ষকেরাও। ওয়াগ্গা ইউপি সদস্য আপাই মারমা জানান, এই সড়কে ঝুঁকিপূর্ণ প্রায় ৯৭টি বাঁক রয়েছে। তবে ছোট বাঁকগুলো হিসাবে ধরলে বাঁকের সংখ্যা আরও বেশি হবে।ওয়াগ্গা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, ‘বাসে উঠলে যতই সামনে যাই, বাঁকের পাশে গভীর খাদ ছাড়া কিছুই দেখা যায় না। সবগুলো বাঁকই ঝুঁকিপূর্ণ। একটু অসতর্ক হলেই গাড়ি নির্ঘাত খাদে গিয়ে পড়বে। তা ছাড়া অনেক স্থানেই সড়ক রয়েছে ভাঙাচোরা অবস্থায়।’ রাঙামাটি বেতারের তবলাবাদক ঝুলন দত্ত বলেন, ‘আমি প্রতিদিন কাপ্তাই থেকে বাসে রাঙামাটি যাতায়াত করি। অসংখ্য বাঁক দেখে দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। বেশি সমস্যায় পড়তে হয় বৃষ্টির সময়। রাতে চলাচলের কথা তো কল্পনাও করা যায় না।’ পুলিশ সূত্র জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহে পাগলিপাড়া এলাকায় একটি অটোরিকশা খাদে পড়ে গেলে চালক আরবান আলীসহ দুজন আহত হন। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেবতাছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়লে পাঁচজন আহত হয়। উপজেলা হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়।জানা গেছে, সড়কের বিভিন্ন বাঁকে চালকেরা গাড়ির গতি কমাতে বাধ্য হন। এই সুযোগে ছিনতাইকারীরা সহজে গাড়ি আটকিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা-মোবাইল ইত্যাদি ছিনিয়ে নেয়। বিভিন্ন সময় এ রকম ছিনতাইয়ের কবলে পড়েন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা খালেদ রহীম, কর্ণফুলী কলেজের সাবেক অধ্যক্ষ মোমিনুল ইসলাম, কলেজের শিক্ষক বেলাল চৌধুরী, নির্বাচন কর্মকর্তাসহ কাপ্তাইয়ের একজন সাংবাদিক। ভুক্তভোগীরা ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে তাঁরা বিভিন্ন সময় প্রশাসনকে জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ী মো. ইসমাইল জানান, বরইছড়ি-ঘাঘড়া সড়কটি বাঁকে বাঁকে দুর্ঘটনার জন্য যেমন, তেমনি ছিনতাইয়ের জন্যও ঝুঁকিপূর্ণ। ছিনতাইকারীরা দল বেঁধে দেশীয় অস্ত্র নিয়ে বাঁকের সামনে হঠাৎ হাজির হয়। এ সময় গাড়ি থামার সঙ্গে সঙ্গে যাত্রীদের সবকিছু কেড়ে নিয়ে দ্রুত জঙ্গলে লুকিয়ে পড়ে তারা। এ অবস্থায় ভয়ে অনেকে সন্ধ্যার পর এ সড়কে যাতায়াত করে না।বাসচালক বাবুল মিয়া জানান, কাপ্তাই ছাড়াও এ সড়ক দিয়ে অনেকে রাজস্থলী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি যাতায়াত করে। সেনাবাহিনীর বিপুলসংখ্যক গাড়িও প্রতিনিয়ত এ সড়কে চলতে দেখা যায়। কিন্তু অসংখ্য বাঁকের কারণে বরইছড়ি থেকে ঘাঘড়া পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। তিনি আরও জানান, বাঁক বেশি থাকায় গাড়ি স্বাভাবিক গতিতে চালানো যায় না। আর এই সুযোগকে কাজে লাগায় সন্ত্রাসীরা।কাপ্তাই উপজেলা প্রকৌশলী পি সি ভৌমিক সড়কে বেশি বাঁক থাকার কথা স্বীকার করে জানান, আগে কাপ্তাই থেকে রাঙামাটি যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কর্ণফুলী নদীপথ।১৯৮২-৮৩ সাল থেকে পাহাড়ের ঢাল কেটে সড়ক তৈরি শুরু করা হয়। ভৌগোলিক কারণে পাহাড়ি পথে বাঁকের সংখ্যা বেশি হয়। ঘাঘড়া সড়কও এর ব্যতিক্রম নয়। কিন্তু বাঁক কমানো বা সড়ক সোজা করার পরিকল্পনা আপাতত নেই। ভবিষ্যতে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে বলে পি সি ভৌমিক জানান।ছিনতাই প্রসঙ্গে কাপ্তাই থানার সহকারী পরিদর্শক মিজানুর রহমান জানান, কিছু ছিনতাইয়ের ঘটনা মৌখিকভাবে তাঁদের জানানো হলেও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী জানান, সড়কে পুলিশ ও আনসারের টহল বজায় রয়েছে। এ ছাড়া রয়েছে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) চেকপোস্ট।