৩৭ কোটি টাকায় সংস্কার, চার মাসেই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি অনাসৃষ্টির চিহ্ন রেখে গেছে নগরের সড়কে সড়কে। পানি সরে যাওয়ার পর দেখা গেল সড়কগুলোর মূল চেহারাই পাল্টে গেছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও পিচ সরে গিয়ে দেখা যাচ্ছে ইট-সুরকির কঙ্কাল। সব মিলিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সব সড়ক। এ নিয়ে আমাদের বিশেষ আয়োজন‘আমি হার্টের রোগী। এ সড়ক দিয়ে এখন বেল্ট বেঁধে যেতেও ভয় হয়।’ বললেন ষোলশহর এলাকার একটি সামাজিক যোগাযোগকেন্দ্রের (কমিউনিটি সেন্টারের) ব্যবস্থাপক অনুপম চক্রবর্তী। তিনি বলেন, ‘ছোটখাটো গর্ত ছাড়া সিডিএ এভিনিউ সড়ক মোটামুটি ভালোই ছিল। চার মাস আগে সড়কটিতে হঠাৎ রাতের আঁধারে কার্পেটিং করে মসৃণ করা হয়। কিন্তু জুলাই মাসের প্রথম বৃষ্টিতে সেই কার্পেটিং উঠে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়। সংস্কারের পর এত তাড়াতাড়ি সড়ক নষ্ট হওয়ার ঘটনা এর আগে কখনো দেখিনি। কার্পেটিংয়ের পাথর এখন সারা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।’শুধু সিডিএ এভিনিউ নয়, জাকির হোসেন, পাঁচলাইশের ওআর নিজাম রোড, পোর্ট এক্সেস ও বিমানবন্দর সড়কও এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে এসব সড়কে ইট-পাথর বিটুমিন ওঠে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়। অথচ গত মার্চের প্রথম সপ্তাহে চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন উপলক্ষে দরপত্র দিয়ে এসব সড়ক সংস্কার করানো হয়। মাসজুড়ে চলে সংস্কার ও মেরামতের কাজ। এ সময় প্রায় ৫০ কিলোমিটার সড়ক মেরামতে ব্যয় করা হয় ৩৭ কোটি টাকা। ব্যয়বহুল এসফল্ট প্ল্যান্টের মাধ্যমে সড়কগুলো কার্পেটিং করা হয়। এভাবে সড়ক নষ্টের ঘটনায় খোদ মেয়র মোহাম্মদ মন্জুর আলম উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে তিনি গত রোববার দুপুরে করপোরেশনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আধুনিক এসফল্ট প্ল্যান্ট ব্যবহার করে সড়কে যে কার্পেটিং করা হয় তা ন্যূনতম তিন থেকে চার বছর টেকসই হওয়ার কথা।চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বশেষ ২০০৭ ও ২০০৮ সালে যেসব সড়কের কার্পেটিং করেছিল সেগুলোর মসৃণতা এখনো অব্যাহত রয়েছে। তাহলে মার্চের কার্পেটিং কেন এত তাড়াতাড়ি ওঠে গেছে জানতে চাইলে সিটি করপোরেশনের একাধিক প্রকৌশলী ও ঠিকাদার বলেন, নিম্নমানের বিটুমিনের ব্যবহার এবং অন্যান্য সামগ্রীর সঠিক মিশ্রণ না হওয়ায় এ কার্পেটিং টিকছে না। সংশ্লিষ্ট সড়কের সংস্কারকাজের তদারককারী চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে কাজের মান বজায় রাখা সম্ভব হয়নি। কার্পেটিংয়ের মিশ্রণ বাইরের মেশিনে তৈরি করায় তদারকিও কম হয়েছে। এ জন্য বর্ষায় সড়কের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, গত কিছুদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এ জন্য কিছু কিছু সড়কের অবস্থা খারাপ হয়েছে। এখানে নির্মাণকাজের কোনো ত্রুটি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি।’ মেয়র বলেন, ‘তিন মাস আগে মেরামত করা সড়ক নষ্ট হলে তা ঠিকাদারের টাকায়ই ঠিক করা হবে।’ এজে কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, ‘এসফল্ট প্লান্টের যে মিশ্রণ দিয়ে সড়ক কার্পেটিং করা হয়, সেখানে সিমেন্ট দেওয়া জরুরি। এ বছর যেসব কাজ হয়েছে সেখানে সিমেন্টের ব্যবহার করা হয়নি বলে শুনেছি। সিমেন্ট বিটুমিনের মিশ্রণে পানি প্রবেশ রোধ করে। তা ছাড়া এসব কাজে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয়েছে। এ জন্য গরমে এ বিটুমিন পুড়ে শক্ত হয়ে গেছে। ফলে কার্পেটিংয়ের ভেতর বৃষ্টির পানি সহজে প্রবেশ করেছে।’ নিম্নমানের বিটুমিন ব্যবহার করে সড়ক সংস্কার করায় রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সিটি করপোরেশনে সভা: সদ্য মেরামত করা সড়কের এ বেহাল দশা নিয়ে গত রোববার দুপুরে কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে জরুরি বৈঠক করেন করপোরেশনের মেয়র। সেখানে তিনি সড়কের দুর্দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।বৈঠকে করপোরেশনের প্রধান নির্বাহী, সচিব, দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কয়েকজন নির্বাহী প্রকৌশলী, অন্তত ১০ জন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। ওয়ার্ড কাউন্সিলররা তাঁদের এলাকায় সদ্য মেরামত করা সড়কগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরেন এবং এগুলো পুনরায় মেরামতের দাবি জানান।বৈঠকে সিদ্ধান্ত হয় যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সরেজমিনে নষ্ট সড়কগুলো পরিদর্শন করে একটি প্রতিবেদন দেবেন। এই প্রতিবেদনে কোনো সদ্য মেরামত করা সড়ক বিনষ্ট পাওয়া গেলে তা সংশ্লিষ্ট ঠিকাদারের নিজের খরচায় মেরামত করা হবে। প্রয়োজনে সিটি করপোরেশনে জমা রাখা ওই ঠিকাদারের জামানতের টাকা থেকে রাস্তা মেরামতের খরচ সমন্বয় করা হবে। বিষয়টি স্বীকার করে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুর-ই-ইলাহী প্রথম আলোকে বলেন, ‘আমি এ সড়কগুলো ঘুরে দেখব। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সড়কগুলোর কার্পেটিংয়ের কাজে জড়িত ঠিকাদারের জামানতের টাকা থেকে নষ্ট সড়ক মেরামত করা হবে।’