‘আমরা কেউ ৩৩, কেউ ৩৫ কেউবা ৩৭ বছর পর্যন্ত একই পদে কর্মরত আছি। যে পদে যোগ দিয়েছি সেই পদে থেকেই অবসরে যাচ্ছি। ভবিষ্যতে পদোন্নতি হবে এমন আশার আলোও দেখছি না। অন্য সব বিভাগে পদোন্নতিসহ নানা সুযোগ-সুবিধা থাকলেও আমরা এসব ক্ষেত্রে অবহেলিত, বঞ্চিত।’ আক্ষেপ করে বলছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের প্রহরী (বনপ্রহরী) মো. আবদুস সবুর (৫৭)। দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবনে পদোন্নতির স্বাদ পাননি তিনি। শুধু আবদুস সবুর নন, তাঁর মতো কয়েক শ বনপ্রহরী পদোন্নতি না পেয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছেন। ক্ষোভে আন্দোলনের পথে পা বাড়াচ্ছেন তাঁরা। আগামী বছর অবসরে যাওয়ার অপেক্ষায় থাকা বনপ্রহরী মো. আবদুর রশিদ বললেন, ‘এক বছর পর অবসরে যেতে পারি। কিন্তু দীর্ঘ চাকরিজীবনে একবারের জন্যও পদের পরিবর্তন করাতে পারিনি। অথচ আমাদের বিভাগসহ অন্য অনেক বিভাগে একই সময়ে চাকরিতে যোগ দিয়ে অনেকে একাধিকবার পদোন্নতি পেয়েছেন। এর ফলে সমাজে আমরা হেয় হচ্ছি।’কাপ্তাই বনপ্রহরী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া জানান, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অধীনে কাপ্তাই ও রাঙামাটিতে ৫০ হাজার হেক্টর জমির বন প্রহরার জন্য ৭০০ প্রহরী রয়েছেন। বনপ্রহরী থেকে বন কর্মকর্তা পদে পদোন্নতি পাওয়ার বিধান রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ পুরোনো প্রহরীদের পদোন্নতির বিষয়টি এড়িয়ে নতুনভাবে বন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন। তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে সরকারি বন পাহারা দিচ্ছি। হিংস্র জীবজন্তু এবং বনসন্ত্রাসীদের আক্রমণ উপেক্ষা করে দিন-রাত ২৪ ঘণ্টা বনে ঘুরে বেড়াই। কিন্তু আমাদের কোনো ঝুঁকিভাতা নেই। আবাসনের কোনো ব্যবস্থা নেই। চিকিৎসার জন্য নেই বিশেষ ব্যবস্থা। আমরা সারা জীবন বনপ্রহরী পদে থাকতে চাই না। পদের পরিবর্তন চাই।’ সংগঠনের সভাপিত মো. ফজলুর রহমান বলেন, ‘সরকারের ৫০ হাজার হেক্টর জমির বন পাহারা দিতে গিয়ে আমাদের প্রতিনিয়িত মশার কামড়, জোঁকের দংশন সহ্য করতে হয়। লোক স্বল্পতার কারণে বিশ্রামের জন্য ছুটির আবেদন করেও ঠিকমতো পাই না।’ তিনি জানান, বিষয়টি নিয়ে বনপ্রহরী কল্যাণ সমিতির কর্মকর্তারা গত মার্চ মাসে ঢাকায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কথা বলেছেন। প্রতিমন্ত্রী সমস্যাগুলো সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো সুফল পাওয়া যায়নি। তাই সমিতি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।সমিতির সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া জানান, আন্দোলনের অংশ হিসেবে প্রাথমিকভাবে সাত দফা দাবি তুলে ধরে কাপ্তাই পাল্পউড বাগানের বিভাগীয় বন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।কাপ্তই পাল্পউড বাগানের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলামের সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করেন। বনপ্রহরীদের দাবি যৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, ‘একজন কর্মচারী সারা জীবন একই পদে থেকে চাকরি থেকে অবসরে যাবেন এটা অমানবিক।’ তিনি জানান, স্মারকলিপিটি বন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বনপ্রহরীদের সরকারি সিদ্ধান্ত জানার জন্য ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।