৩৭ বছর পরে

১১ বছর বয়সে পাচারকারীর খপ্পরে পড়ে আবদুর রহমানের জায়গা হয়েছিল ভারতের একটি অনাথ আশ্রমে। তারপর তিনি ফিরলেন স্বদেশে। তবে এর মধ্যে কেটে গেছে ৩৭ বছর। পড়ুন বিস্তারিত
চট্টগ্রামের রউফাবাদের কলোনিটিতে তিনি আগেও এসেছেন। কিন্তু চোখ বুজলে যে কলোনির ছবি মানসপটে ভেসে ওঠে, তার সঙ্গে বাস্তবের কোনো মিলই খুঁজে পান না তিনি। মানুষগুলোও কেমন যেন অচেনা। ২৮ বছর ধরে যে নামগুলোর খোঁজে তিনি পথে নেমেছেন, সেসবের হদিসও কেউ জানে না। অথচ একদিন এই কলোনির বাড়িঘর, রাস্তা, নির্মল প্রকৃতি—সবই ছিল তাঁর নখদর্পণে। অচেনা মানুষের ভিড়ে তবুও তিনি আসেন, খুঁজে ফেরেন প্রিয় মানুষদের—যদি কেউ ‘মনা’ বলে ডেকে ওঠে। কিন্তু প্রতিবারই তাঁর স্বপ্ন ভঙ্গ। ফের আশায় বুক বাঁধেন। নিশ্চয় তিনি তাঁর হারিয়ে যাওয়া পরিবারের খোঁজ পাবেন।
সেই আশা পুঁজি করে গত ২৯ অক্টোবর আবারও চট্টগ্রাম যান আবদুর রহমান। প্রতিবার যেতে যেতে দুপুর হলেও এবার তিনি বেশ সকালেই চট্টগ্রামের রউফাবাদের কলোনিতে পৌঁছান। কলোনিতে ঢুকে ইতিউতি তাকাচ্ছিলেন। দেখা হয় দুই তরুণীর সঙ্গে। তাঁদের ডেকে বলেন, ‘বাসা থেকে আমার বয়সী কাউকে ডেকে দিতে পারো?’ তরুণীরা তাঁর বয়সী যাকে ডেকে দেন, কথায় কথায় তাঁর পরিচয় পেয়ে যান আবদুর রহমান। তিনি আর কেউ নন, তাঁর বাল্যবন্ধু হোসেন। আবদুর রহমানের চোখ বেয়ে জল নেমে আসে। সে জল আনন্দের।
৩ নভেম্বর আবদুর রহমানের ঢাকার মগবাজারের বাসায় বসে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। তিনি বলতে থাকেন, ‘এরপর হোসেন ফোন করেন আমার বড় ভাই আউয়ালকে। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। বড় ভাই আমার সঙ্গে কথা বলতে চান। ফোনে তিনি নিশ্চিত হতে চাইছিলেন আমি তাঁদের সেই হারিয়ে যাওয়া ভাই কি না। আমাকে পরিবারের ভাইবোনদের সম্পর্কে সে নানা প্রশ্ন করে। আমি ঠিক ঠিক যখন উত্তর দিচ্ছিলাম, বড় ভাই তখন কেঁদে ফেলেন।’
এরপর আবদুল আউয়াল রউফাবাদ মসজিদের পাশে আরেকটি কলোনিতে বড় বোনের মেয়ে শাহেদা বেগমকে ফোন করে আবদুর রহমানের কথা জানান। তাঁকে নিয়ে যাওয়া হয় বোনের মেয়ে শাহেদা বেগমের বাসায়। ততক্ষণে আবদুর রহমানের পরিবারের সবাই জেনে যান, ৩৭ বছর আগে হারিয়ে যাওয়া মানুষটিকে পাওয়া গেছে। এরপর, অনবরত ফোন আসতে থাকে। কথা হয় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। রাতেই পথ ধরেন ঢাকার। এখানেই রহমানের বড় ভাইয়ের বাসা।
মুখ বন্ধ, হাত বাঁধা
১৯৭৮ সালের কোনো একদিন। ভরদুপুর। চট্টগ্রামের আলমাস সিনেমা হলের সামনের পুকুর থেকে গোসল করে বাসায় ফিরছিলেন ১১ বছরের আবদুর রহমান। নির্জন পথে তাঁকে জাপটে ধরে গাড়িতে তোলে কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই মুখে লাগিয়ে দেওয়া হয় টেপ। তারপর? আবদুর রহমান ফিরে যান সেই বিভীষিকাময় মুহূর্তে, ‘আমার মুখ বন্ধ আর হাত বাঁধার পর আমি আর কিছুই জানি না। একসময় চোখ মেলে দেখি কিছু অচেনা মানুষ আমাদের ঘিরে আছে। আমাদের বলতে, আমার মতোই আরও কয়েকজন। পরে জানতে পারি, পাচারকারীরা ভারতের সীমান্তে আমাদের ফেলে রেখে গেছে।’
এরপর আবদুর রহমানদের জায়গা হয় একটি ‘হোম’ মানে অনাথ আশ্রমে। সেখানেই বেড়ে ওঠা। আরও কয়েক বছর পর, ১৯৮৯ সালে ভারতীয় সীমান্ত পার হয়ে চলে আসেন বাংলাদেশে। কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন মনে করতে পারেননি আবদুর রহমান। তবে সীমান্ত পার হয়ে এসে রংপুর শহরের এক হোটেলে বছর দুয়েক কাজ করেছেন—এটা মনে আছে তাঁর।

খুঁজে ফেরা
রংপুর থেকে চলে আসেন ঢাকায়। দেশে পা রাখার পর থেকেই মন চঞ্চল হয়ে ছিল পরিবারকে কাছে পাওয়ার আশায়। ভাইবোনদের কাছে পেয়ে আত্মহারা হওয়ার কথা মনে করে কত রাত যে কাটিয়েছেন তার ইয়ত্তা নেই। কিন্তু কীভাবে তিনি খুঁজে পাবেন তাঁদের? কোনো ঠিকানাই তো নেই। শুধু মনে আছে কলোনির নাম। সেখানে যেতেও দরকার টাকার। এসব ভেবেই বছর খানেক কেটে যায় আবদুর রহমানের। এরমধ্যে নানা ধরনের কাজ করেন তিনি। টাকার সংস্থান করে চলে যান চট্টগ্রামের সেই কলোনিতে। কিন্তু যে বাড়িতে তাঁরা থাকতেন, সেখানে এখন অন্য লোকের বাসা। বলতে থাকেন আবদুর রহমান, ‘এটা আমাদেরই বাড়ি ছিল। কিন্তু বাড়ির বাসিন্দারা জানান, এ বাড়ি অনেক আগেই বিক্রি হয়ে গেছে। আর আগের মালিকেরা কোথায় আছেন তাঁরা জানেন না। সেদিন হতাশ হয়ে ফিরে আসি। কিন্তু আশা ছাড়ি না।’
মধুবাগের ছোট এক বাসায় স্ত্রী শাহিদা খাতুন, স্নাতকপড়ুয়া মেয়ে আর ছোট ছেলেকে নিয়ে তাঁর সংসার। বাসায় দেখা মিলল তাঁর বড় ভাবির। সেদিন সকালেই তিনি এসেছেন বাড়িতে। আবদুর রহমান হারিয়ে যাওয়ার আগে পর্যন্ত বড় হয়েছেন এই ভাবির কাছেই। বাসায় বসে আবদুর রহমান বলেন, ‘আমার বাবা পুলিশের কনস্টেবল ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁকেসহ আমার মা আর বড় বোনকে পরিবারের সবার সামনে হত্যা করা হয়। আমি হারিয়ে যাওয়ার আগে পর্যন্ত বড় ভাইয়ের সঙ্গে ছিলাম। বড় ভাবির পিঠেও সেদিন গুলি লেগেছিল।’
আবদুর রহমানের বড় ভাবি মর্জিনা বেগম বলতে থাকেন, ‘আমরা কত খুঁজেছি। সারা চট্টগ্রাম শহর তন্ন তন্ন করেছি। খোঁজ পাইনি আবদুর রহমানের। এত দিন পর ওর দেখা পাব, এটা যেন বিশ্বাসই হচ্ছে না।’
বিশ্বাস কি রহমানেরই হয়েছিল? এত দিন পরে নিজের স্বজনদের পেয়ে আনন্দে তাঁর চোখ বারবার ঝাপসা হয়ে ওঠে।