নগরের পাঁচ সরকারি কলেজে উচ্চমাধ্যমিকসহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন প্রায় ৩৭ হাজার। ৫৬ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হয়। এসব কলেজে ৪৫১ শিক্ষকের বিপরীতে আছেন ৩৭৯ জন। ৭২ জন শিক্ষকের পদ শূন্য। বর্তমানে নিয়োগ দেওয়া হয়েছে ২৮ জন অতিথি শিক্ষক। এ কারণে পড়াশোনার যথাযথ মান রক্ষা করা যাচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিমত।শিক্ষকেরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে ১৬ হাজার শিক্ষার্থীর জন্য ৭০০ জন শিক্ষক আছেন। অথচ নগরের পাঁচ কলেজে ৩৭ হাজার শিক্ষার্থীর জন্য আছেন মাত্র ৩৭৯ জন। স্বল্পসংখ্যক শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের ভালো পাঠদান করা কঠিন। একজন অধ্যক্ষ বলেন, ‘দিন দিন শিক্ষার্থী বাড়ছে। কিন্তু প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। অতিথি শিক্ষকের ওপর নির্ভরতার কারণে মানোত্তীর্ণ শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না।’জানা গেছে, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজে অতিথি শিক্ষক রয়েছেন আটজন। এ ছাড়াও সিটি কলেজে আটজন এবং মহসিন কলেজ, মহিলা কলেজ ও চট্টগ্রাম কলেজে চারজন করে অতিথি শিক্ষক রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, শিক্ষক নিয়োগ দিতে বার বার মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন অধ্যক্ষরা। কাজ না হওয়ায় পড়াশোনার স্বার্থে অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির ফি থেকে অতিথি শিক্ষকদের মাসিক ও ক্লাসভিত্তিক বেতন দেওয়া হয়। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ধারীদের অতিথি শিক্ষক হিসেবে মনোনীত করা হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘আমার কলেজে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী রয়েছে। সে অনুযায়ী শিক্ষক নেই। সংকট রয়েছে অবকাঠামোরও। কম শিক্ষক দিয়ে কোনো রকমে চালিয়ে যেতে হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নইলে শিক্ষকসংকট আরও প্রকট হতো।’ চট্টগ্রাম কলেজে ১৭টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স রয়েছে। ১৫৬ শিক্ষকের মধ্যে আছেন ১২৭ জন। পদ শূন্য ২৭টি। মহসিন কলেজে ১৪ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স আছে। শিক্ষক আছেন ৬৭ জন, পদ ৬৯। অথচ এখানে শিক্ষার্থী আছে সাড়ে চার হাজার। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বিপরীতে প্রতিটি কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি রয়েছে উচ্চমাধ্যমিক শ্রেণীও। মহসিন কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির বলেন, ‘কলেজে এনাম শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে কিছু অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়মিত শিক্ষকদেরও অতিরিক্ত সময় দিতে হচ্ছে।’ শিক্ষকসংকটের কারণে মানোত্তীর্ণ শিক্ষা ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অতিথি শিক্ষকেরা বেশিদিন থাকেন না। আমরা প্রতিনিয়ত চিঠি লিখছি শিক্ষক বাড়ানোর জন্য। কিন্তু কিছু হচ্ছে না।’ সিটি কলেজে প্রায় আট হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ১০১ জন। থাকার কথা ১২৭ জন। পদ শূন্য ২৬। এ কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স আছে যথাক্রমে ১৫ ও ১০টি। সরকারি বাণিজ্য কলেজে শিক্ষকের পদ আছে ২৩টি, শিক্ষক আছেন ২১ জন। এখানে শিক্ষার্থী আছেন ছয় হাজার। সরকারি মহিলা কলেজে ৬৩ জন শিক্ষক দিয়ে আট বিষয়ের স্নাতক ও চার বিষয়ের স্নাতকোত্তর শ্রেণীতে পড়ানো হচ্ছে। এখানে পদ শূন্য ১৩। শিক্ষার্থী আছে প্রায় সাড়ে চার হাজার। সবচেয়ে করুণ অবস্থা সরকারি বাণিজ্য কলেজের। এখানে ২১ জন শিক্ষক প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে পড়ান। শিক্ষকের পদও মাত্র ২৩টি। দুই বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও এখানে রয়েছে উচ্চমাধ্যমিক শ্রেণী। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট চলছে। আমরা বাধ্য হয়ে আটজন অতিথি শিক্ষক নিয়োগ দিয়েছি। চিঠিপত্রও লিখেছি শিক্ষক বাড়ানোর জন্য। আশা করছি কিছু শিক্ষক পাব।’