৩৮২টি নতুন বহুতল ভবন হচ্ছে নগর ও জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরসহ জেলার ৩৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বহুতল ভবন তৈরি হচ্ছে। এ ব্যাপারে ঠিকাদার নিয়োগসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে। চলতি বছরেই এসব ভবনের একতলার নির্মাণকাজ শেষ হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও সংস্কার প্রকল্পের আওতায় এসব নতুন ভবন তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাড়তি চাপের তুলনায় শ্রেণীকক্ষ অপ্রতুল। এই চাপ সামলানো এবং কম্পিউটার কক্ষসহ নতুন কিছু সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে এসব নতুন ভবন তৈরি করা হচ্ছে। পাশাপাশি পুরোনো ভবনগুলোও চালু থাকবে বলে জানা গেছে। প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সারা দেশে পাঁচ হাজার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বহুতল ভবন তৈরি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা। ২০১৪ সালে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরে ৭৪টি ও জেলা শহরের ৩০৮টি প্রাথমিক বিদ্যালয়ে ছয় তলাবিশিষ্ট নতুন ভবন তৈরি হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এসব ভবনের মূল গাঁথুনি (ফাউন্ডেশন) ও একতলার নির্মাণকাজ শেষ করা হবে।সারা দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এসব ভবনে তাদের স্থান সংকুলান হচ্ছে না। শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসতে হয়।অপরদিকে, শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞানের সঙ্গে পরিচয় করানোর জন্য কম্পিউটার ল্যাব তৈরিসহ আনুষঙ্গিক বিভিন্ন শিক্ষাসহায়ক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এসব চাহিদা মেটাতে নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন গত শুক্রবার নগরের আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহ মুসলিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন দুটির প্রতিটির নির্মাণ-ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ ১৫ হাজার টাকা করে।৪৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে সদরঘাট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউ ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে পাঠানটুলী জমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণ করা হবে। প্রাথমিক পর্যায়ে এ বছরের মধ্যে এসব ভবনের ছয়তলার মূল গাঁথুনি (ফাউন্ডেশন) ও একতলার নির্মাণকাজ শেষ করা হবে।সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও সংস্কার প্রকল্পের পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ঠিকাদার নিয়োগসহ নতুন ভবন তৈরির সব ধরনের আনুষ্ঠানিকতা প্রায় শেষ করে ফেলেছি। আগামী কয়েক দিনের মধ্যে এসব ভবনের নির্মাণকাজ শুরু করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা ছয়তলা ফাউন্ডেশন ও একতলার কাজ শেষ করতে পারব বলে আশা করছি। পর্যায়ক্রমে বাকি কাজ করা হবে।’