একাত্তরের ১৬ এপ্রিল পটিয়া সদরে নিরস্ত্র জনতার ওপর বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এসময় বোমা আর মেশিনগানের গুলিতে প্রাণ হারান নারী ও শিশুসহ অন্তত ২০ জন। আহত হন অর্ধশত। ৩৯ বছর পরও সেই দিনের নারকীয় ঘটনার স্মৃতি মন থেকে মুছতে পারেননি স্বজনেরা। দিনটি স্মরণে ১৬ এপ্রিল সকালে পটিয়া থানার মোড়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং পটিয়া প্রেসক্লাবে স্মৃতিচারণ সভার আয়োজন করে শহীদ পরিবার কল্যাণ পরিষদ। পরিষদের আহ্বায়ক শহীদ বিজয় দের ছেলে প্রদীপ দের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম। প্রধান বক্তা ছিলেন শহীদ আমিনুল হকের ভাই প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল আলম মাস্টার, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, গোলাম কিবরিয়া, নূর মোহাম্মদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মহিউদ্দিন।বক্তারা শহীদদের স্মরণে পটিয়া সদরে জেলা পরিষদের জায়গায় একটি স্মৃতিস্তম্ভ ও মুক্তমঞ্চ স্থাপনের দাবি জানান।