বিজয়ের ৪০ বছর পূর্তিতে দীঘিনালায় ৩৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা সেনা তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল নওরোজ এহসান। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা ও মুক্তিযোদ্ধা প্রিয়জ্যোতি রোয়াজা। সভায় মুক্তিযোদ্ধারা দীঘিনালায় মুক্তিযোদ্ধা কমান্ডের কার্যালয় স্থাপনের দাবি জানান। এ ছাড়া বিজয় দিবসে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জনসংহতি সমিতি (জেএসএস) ও বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বিজয় দিবসের সব অনুষ্ঠান বর্জন করে। ইউপিডিএফের উপজেলা আহ্বায়ক দেবদন্ত ত্রিপুরা বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল ও আরও কয়েকটি দাবিতে বিজয় দিবসসহ সরকারি সকল কর্মসূচি বর্জন করার বিষয়টি পূর্ব ঘোষিত সাংগঠনিক সিদ্ধান্ত।