৪ নম্বর রুটের বাসে ওঠানামা পাঁচ টাকা!
দূরত্বের হিসাবে নগরের জাকির হোসেন সড়কের আকবর শাহের মাজার থেকে ঝাউতলা রেলগেটের ভাড়া দুই টাকা। কিন্তু এ পথে চলাচলকারী ভাটিয়ারী-নিউমার্কেট ৪ নম্বর রুটের বাসগুলো যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা ভাড়া আদায় করছে। তাতে যাত্রীসাধারণ বিশেষ করে শিক্ষার্থীরা অসুবিধার মধ্যে পড়ছেন। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ট্রেন ধরার জন্য অনেক শিক্ষার্থী এ রুট দিয়েই স্টেশনে আসেন। তা ছাড়া ঝাউতলা রেলগেটের কাছেই রয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ দুটি প্রতিষ্ঠানের প্রচুর শিক্ষার্থীও এ রুটে যাতায়াত করেন। যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে বাসচালকের সহযোগীরা ‘৪ নম্বর গাড়ির সঙ্গে ধাক্কা খাইলে পাঁচ টাকা দিতে হয়’, ‘এটা ভিআইপি রোড এখানে ভাড়া বেশি’ ইত্যাদি কথা বলেন। একই চিত্র বিশ্ববিদ্যালয়-নিউমার্কেট ৩ নম্বর রুট, কুমিরা-নিউমার্কেট ৭ নম্বর রুটসহ আরও কয়েকটি রুটের। অতিরিক্ত ভাড়া নিয়ে এসব রুটের যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ। ‘সিট ক্যাপাসিটি’ ও টিকিট কাউন্টারের কথা বলে নতুন বাসগুলোতে ওঠানামা পাঁচ টাকা করা হয়েছিল কিন্তু এখন বাসগুলোতে দরজায় ঝুলিয়ে যাত্রী নেওয়া হয়, যেকোনো স্থানে থামিয়ে যাত্রী তোলা হয়, যাত্রী নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হয়। তার পরও ভাড়া নিচ্ছে পাঁচ টাকা। এ কারণে যাত্রী ও বাসচালকের মধ্যে বারবার বাকবিতণ্ডা, হাতাহাতি হলেও বন্ধ হয়নি অতিরিক্ত ভাড়া আদায়। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র আবু তৌহিদ জানান, প্রতিদিন কলেজে যাওয়ার সময় বিড়ম্বনায় পড়তে হয় মিনিবাসগুলোতে। তারা কোনো সুবিধা দেবে না, অথচ দুই টাকার ভাড়া নেবে পাঁচ টাকা। আগে এখানে বড় মিনিবাস থাকলেও এখন সেগুলো বন্ধ হয়ে গেছে ফলে অতিরিক্ত ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে। চট্টলা পরিবহনের সাধারণ সম্পাদক গোলাম রাসুল বলেন, ‘চট্টলা পরিবহনের কোনো বাসে ওঠানামা পাঁচ টাকা অথবা কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের নিয়ম নেই। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তবে সে অন্যায় করছে। আপনারা (প্রথম আলো) এর বিরুদ্ধে প্রতিবাদ করেন।’চট্টলা পরিবহনের ৪ নম্বর ও ১১ নম্বর রুটের পরিচালক জিয়াউদ্দিন মিজান বলেন, ‘একটি গাড়িতে উঠলে একজন যাত্রীকে ন্যূনতম তিন কিলোমিটার যেতে হবে। এ তিন কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে ঢাকা ও চট্টগ্রামের মেট্রো এলাকাতে মিনিবাসগুলোতে ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। পরে চট্টলা পরিবহন, বাসমালিক, বাসচালক, ডিসি ট্রাফিকের সমন্বিত সিদ্ধান্তে ভাড়া তিন টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যরা মানলেও ৪ নম্বর ও ৭ নম্বর রুটের বাসচালক ও হেলপারেরা তা মানছেন না।’ নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুস সালাম অভিযোগ করেন, ‘এরা বলে ওঠানামা পাঁচ টাকা অথচ টাইগারপাস থেকে নিউমার্কেট দুই টাকা ভাড়া নেয়। এদের ওঠানামা যদি পাঁচ টাকাই হয় তবে টাইগারপাস থেকে কেন দুই টাকা ভাড়া নেবে? সব সময়ই পাঁচ টাকা নেওয়া উচিত। আসলে এরা যার কাছ থেকে যেমন পারে তেমন ভাড়া নিচ্ছে।’ কখনো দুই টাকা কখনো পাঁচ টাকা এ রকম কেন জানতে চাইলে ৪ নম্বর রুটের বাসচালক হাসান নেওয়াজ বলেন, ‘মনে করেন ভাটিয়ারী থেকে জিইসি আমাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলে না এখানে আমরা ওঠানামা পাঁচ টাকা নিয়ে থাকি, জিইসি থেকে নিউমার্কেট পর্যন্ত অনেক গাড়ি চলে সেখানে আমরা যার কাছ থেকে যেমন পারি তেমন নিয়ে থাকি।’অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ হিসেবে বাসচালকেরা বলেন, ‘আমাদের গাড়ি ছোট। গ্যাসখরচ ও মালিকের ভাড়া বেশি, তাই অতিরিক্ত ভাড়া আদায় করতে হয়।’ অন্য ছোট টেম্পো ও মিনিবাসগুলোতে দুই টাকা ভাড়া নেওয়া হলে এখানে কেন পাঁচ টাকা নেওয়া হবে এ কথার জবাবে তাঁরা বলেন, ‘মালিক আমাদের নির্দেশ দিয়েছেন পাঁচ টাকা ভাড়া নিতে।’ ৪ নম্বর রুটের বাসের মালিক মনির হোসেন বলেন, ‘চালকেরা দুই টাকা ভাড়া নিলেও আমাদের দেড় হাজার টাকা জমা দেবে, ১০ টাকা ভাড়া নিলেও একই টাকা দেবে। আমরা তাদের বেশি ভাড়া নেওয়ার জন্য বলিনি।’ সহকারী কমিশনার (ট্রাফিক) মনজুর মোর্শেদ বলেন, ‘ব্যাপারটি আমার জানা ছিল না। এখন কয়েকদিনের মধ্যে মালিক সমিতির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’কোনো সুযোগ-সুবিধা ছাড়া মিনিবাসগুলোতে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা কেন নির্ধারণ করা হলো জানতে চাইলে বিআরটিএর উপপরিচালক মাহবুব ই রব্বানী বলেন, এ প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা বিভিন্ন কমিটি গঠন করে মতামতের ভিত্তিতে করা হয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’