৪০তম বিসিএস: প্রশাসন ও পুলিশে প্রথম কুয়েটের দুই শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জান্নাতুল ফেরদৌস
ছবি: সংগৃহীত

কুয়েটে যন্ত্রকৌশলে পড়তেন জান্নাতুল ফেরদৌস। আর কাজী ফাইজুল করীম ছিলেন ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। জান্নাতুল টুকে ১২ ব্যাচের আর ফাইজুল টুকে ১৩। ক্যাম্পাসসূত্রে দুজনই দুজনের চেনা। ৪০তম বিসিএসে সেরাদের তালিকায় এই দুজনকেই পাওয়া গেল। প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন জান্নাতুল আর পুলিশে প্রথম ফাইজুল।

জান্নাতুল বলেন, ‘প্রথম হওয়ার খবরে আমি খুব খুশি হয়েছি। সেই খুশির মাত্রাটা আরও বেড়ে গেল, যখন জানলাম আমার জুনিয়র পুলিশ ক্যাডারে প্রথম হয়েছে।’ কুয়েটে নানা ধরনের ক্লাব বা সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতেন জান্নাতুল। বললেন, ‘পড়াশোনার পাশাপাশি বিভাগের নানা অনুষ্ঠান, ক্লাব আমাকে টানত। সবকিছুতে অংশ নেওয়ার চেষ্টা করতাম। পড়াশোনা শেষে ঠিক করলাম চাকরি করব। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিও নিলাম। কিন্তু বেশি দিন ভালো লাগল না। ঠিক করলাম সরকারি চাকরি করব।’ আত্মীয়দের অনেকেই সরকারি চাকরিজীবী তাই শেষ পর্যন্ত বিসিএসের দিকেই ঝুঁকেছেন তিনি।

কেমন ছিল তাঁর প্রস্তুতি পর্ব? জান্নাতুল বলেন, ‘২০১৮ সালে সবকিছু বাদ দিয়ে আমি ৪০তম বিসিএসের জন্য পড়াশোনা শুরু করলাম। প্রিলিমিনারি শেষে লিখিত পরীক্ষায়ও টিকে গেলাম। মনে হচ্ছিল, কবে যে ভাইভা হবে। করোনার কারণে বারবার পেছাচ্ছিল পরীক্ষা। একপর্যায়ে হতাশা পেয়ে বসল। বসে না থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হয়ে গেলাম। এখন সেখানে দ্বিতীয় বর্ষে পড়ছি। বিসিএসের ফল হাতে পেয়ে শুরুতে হাত-পা কাঁপছিল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।’ জান্নাতুল ফেরদৌসের বাবা বি এম সবুর উদ্দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক। মা সামসুন্নাহার গৃহিণী। ঢাকার দনিয়ার এ কে হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক আর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পেরিয়েছেন এই প্রকৌশলী।

কাজী ফাইজুল করীম
ছবি: সংগৃহীত

জান্নাতুলের জুনিয়র ফাইজুলের গল্পটাও শোনা যাক। পড়াশোনা শেষে বাংলাদেশ টেলিভিশনে প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছিলেন। চাকরির পাশাপাশি নিজের মতো বিসিএসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ৪০তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাস করলেন ফাইজুল। এর মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে চাকরি হলো। কাছাকাছি সময়ে সরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদেও চাকরি পেলেন তিনি। সেই হিসেবে পুলিশ ক্যাডারে যোগ দিলে এটি হবে তাঁর ৪ নম্বর চাকরি।

ফাইজুল বলছিলেন, ‘ঠিক করেছিলাম বিসিএস একবারই দেব। আর পুলিশ ক্যাডারই হবে আমার প্রথম পছন্দ। এই লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছি। আত্মবিশ্বাস ছিল পুলিশ ক্যাডার আমি পাবই। তাই ৪০–এর পর আর কোনো বিসিএসে আবেদন করিনি।’

ক্যাম্পাসের এক সিনিয়র প্রশাসনে প্রথম হয়েছেন, জেনে ফাইজুল বেশ আনন্দিত। বললেন, ‘আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিসিএসের জনপ্রিয়তা কম ছিল। গত কয়েকটি বিসিএসে আমাদের বড় ভাই-বোনদের ভালো ফল দেখে আমার মতো অনেকেরই আগ্রহ বেড়েছে। তা ছাড়া আমার মতো যারা দেশে থাকতে চান, তাদের জন্য এটাই তো সম্মানজনক চাকরি।’

ফাইজুলের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। বাবা আফতাব উদ্দিন ব্যবসায়ী। মা কাজী মীর জাহান বেগম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।