বয়স ৪০ বছর পার হলেও সুস্থ আছি। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অর্থ ব্যয়ের দরকার কী? সুস্থ থাকলে ৪০ পেরিয়ে এমনটা মনে হতে পারে। তবে আজ সুস্থ আছেন কাল যে থাকবেন, তার তো কোনো নিশ্চয়তা নেই। এই বয়সে কোনো রোগ শরীরে বাসা বাঁধার আগেই তাকে মোকাবিলার জন্য প্রস্তুতি থাকা দরকার। কেননা, আপনার অজান্তে কোনো রোগ শরীরে কাজ শুরু করলে পরে তা জটিল হয়ে ওঠে। নানা রকম পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় ধরা পড়া রোগ সহজেই নিরাময় করা যায়। তাই ভালো থাকার জন্য ৪০ বছর বয়সে কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া উচিত। ৪০ কিংবা তার বেশি বয়সীদের দুই বছর পর পর অন্তত একবার রক্তচাপ পরীক্ষা করানো দরকার। সম্ভব হলে বছরে অন্তত একবার ইসিজি করিয়ে প্রাথমিকভাবে হূদ্যন্ত্রের অবস্থা জেনে নিন। হয়তো এটিই আপনার আশু হূদ্যন্ত্রের বিকল হয়ে যাওয়ার এত বড় স্বাস্থ্যঝুঁকি থেকে অনেকখানি দূরে রাখবে।৪০ পার করা সবারই অন্তত পাঁচ বছর পর পর কোলেস্টেরল পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। কোলেস্টেরল বেড়ে যাওয়া মানে আপনি হূদেরাগের জন্য ঝুঁকিপূর্ণ। শুধু কোলেস্টেরল পরীক্ষা না করে পুরো লিপিড প্রোফাইল করিয়ে নিলে একই সঙ্গে আপনার লিভারের অবস্থারও একটি প্রাথমিক ধারণা পাওয়া যাবে।রক্তচাপ যদি ১৩৫/৮০-এর বেশি হয়, তাহলে আপনার শরীরে ডায়াবেটিস আছে কি না, তা পরীক্ষা করা জরুরি। সঙ্গে কিডনির কাজ ঠিকঠাক আছে কি না, জানার জন্য কয়েক বছর পর পর ক্রিয়েটিনিন পরীক্ষাটি করিয়ে নেওয়া দরকার।এ ছাড়া ৫০ থেকে ৭৫ বছরের নারী-পুরুষ উভয়েরই উচিত কোলোরেক্টাল ক্যানসারের পরীক্ষা করিয়ে নেওয়া। ৫০-এর কাছাকাছি বয়সের পুরুষদের প্রোস্টেট ক্যানসারের পরীক্ষাগুলোও করে ফেলা উচিত। নারীদের অবশ্যই সারভাইক্যাল ক্যানসার আছে কি না, তা জানার জন্য প্যাপ টেস্ট করানো এবং স্তন ক্যানসার আছে কি না, জানার জন্য অবশ্যই এক-দুই বছর পর পর ম্যামোগ্রাম করানো উচিত। এ ছাড়া প্রতিবছর অন্তত একবার দাঁতগুলো দাঁতের চিকিৎসককে দেখিয়ে নেওয়া যেতে পারে। দুই বছর অন্তর চোখগুলো দেখানো যেতে পারে বিশেষজ্ঞ একজন চিকিৎসককে। আর ৪৫ বছর বয়স ছুঁয়ে ফেললে অবশ্যই একবার চোখের গ্লুকোমা পরীক্ষা করে ফেলা প্রয়োজন।আসল কথা হলো, ৪০ পার হলেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।লেখক: চিকিৎসক