৪০ পেরোলেই চালশে!
৪০ পেরোলে চুলে পাক ধরে, কপালে পড়ে ভাঁজ। সেই সঙ্গে হয় চালশে। এ কথা সবাই জানে। এই চালশে মানে কী? চিকিৎসাবিদ্যার ভাষায় প্রেসবায়োপিয়া। এটি বয়স বৃদ্ধির একটি লক্ষণ, চুলে পাক ধরার মতো। তেমন কোনো রোগ নয়।
বয়স হওয়ার সঙ্গে সঙ্গে চোখ কাছের বস্তু দেখার জন্য ফোকাস করার ক্ষমতা হারাতে থাকে। ফলে পত্রিকা বা বই পড়তে হয় একেবারে চোখের কাছে নিয়ে। দাদিমা আর সুইয়ে সুতা লাগাতে পারেন না। এরই নাম চালশে। চোখের অভ্যন্তরীণ লেন্স নমনীয়তা হারাতে থাকে। ফলে কাছের জিনিস দেখার প্রয়োজনে লেন্স আকার পরিবর্তন করতে পারে না সহজে। তাই কোনো কিছু পড়তে গিয়ে চোখের কাছে নিয়ে আসতে হয়। কিছুক্ষণ পড়ার পর মাথাব্যথা বা চোখের ক্লান্তি হতে পারে। পত্রিকা বা বই পড়তে পড়তে চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে আসে—এমন উপসর্গ দেখা দিলে সচেতন হোন।
চালশে তো ভালো হওয়ার নয়। বরং বয়স আরও বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরও বাড়ে। তাই বয়সের সঙ্গে সঙ্গে চশমা পরিবর্তন করতে হয়, বা বাইফোকাল চশমা পরতে হয়। বাইফোকাল হলো এমন একটি চশমা, যাতে দুটি ভাগ থাকে—ওপরের ভাগটি দূরদৃষ্টি ঠিক করে, আর নিচের অংশটি নিকটদৃষ্টি ঠিক করে। চালশে সমস্যায় কনটাক্ট লেন্সও ব্যবহৃত হয়। এ ছাড়া চালশে দূর করার জন্য বিশেষ ধরনের শল্যচিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন দেশে একে বলে কনডাকটিভ কেরাটোপ্লাস্টি। এতে তেজস্ক্রিয় বা রেডিও তরঙ্গ ব্যবহার করে অস্ত্রোপচার করা হয়। সূত্র: ওয়েবএমডি।