৪০ বছর পর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি
৪০ বছর পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবারই প্রথম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বোয়ালখালীর মানুষ। স্বাধীনতার ৩৯ বছর পর পাকিস্তানি হানাদার ও রাজাকার বাহিনীর নির্যাতনকেন্দ্রের জায়গায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত উপজেলা সদরে এ স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমানে চট্টগ্রাম জেলা পরিষদের সচিব) রবীন্দ্র শ্রী বড়ুয়া। এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধের মর্যাদা আলাদা। শহীদ মিনার হচ্ছে ভাষাশহীদ আর স্বাধীনতাসংগ্রামের শহীদদের শ্রদ্ধা-সম্মান জানানোর জন্য স্মৃতিসৌধ। তিনি বলেন, এখানে স্মৃতিসৌধ না থাকায় জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা জানানো হয় শুধু শহীদ মিনারেই। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।গত বছরের ১৯ ডিসেম্বর এ স্মৃতিসৌধের উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মঈনউদ্দিন খান। স্বাধীনতার ৪০ বছর পর এবারই প্রথমবারের মতো স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করেন বোয়ালখালীর মানুষ। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিম বলেন, ‘এবার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পেরে ভালো লাগছে। শহীদ মিনার ও স্মৃতিসৌধ—দুটির মর্যাদা ও সম্মান যে আলাদা, তা শিখতে পারবে নতুন প্রজন্ম।’ বিদ্যালয়ছাত্র শিমুল বিশ্বাস বলেন, ‘এত দিন শহীদ মিনার ও স্মৃতিসৌধের তফাত বুঝতাম না। এবার শিখলাম।’ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরামের বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো. হারুণ মিয়া বলেন, একাত্তরের স্বাধীনতাযুদ্ধের সময় উপজেলা প্রশাসনিক ভবন ছিল পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর টর্চার সেল (নির্যাতনকেন্দ্র)। মুক্তিবাহিনী ও নিরীহ মানুষকে ধরে এনে নৃশংসভাবে বর্বর নির্যাতন ও হত্যা করে লাশ ফেলে দেওয়া হতো কর্ণফুলী নদী ও উপজেলা সদরের রায়খালী খালের রইস্যারমার ঘাটে। তিনি বলেন, একাত্তরের ২৭ আগস্ট এ রাজাকার ক্যাম্প আক্রমণ করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে শহীদ হন ইস্ট পাকিস্তান রাইফেলের (ইপিআর) হাবিলদার ফজলুল হক (ওস্তাদ ফজলু)। মারাত্মক আহত হন রেজাউল করিম ওরফে বেবী ও ছৈয়দ আবদুল ওয়াজেদ। আহত অবস্থায় বন্দী করা হয় তাঁদের। বন্দিদশায় শহীদ হন তাঁরা। তাঁদের লাশের সন্ধান আজও পাওয়া যায়নি। ওই সময় অনেক রাজাকার-আল বদর সদস্যও মারা যান। উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের বলেন, ‘৪০ বছর পর নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে অন্য রকম ভালো লাগছে।’