৪০ বছরেও চিহ্নিত হয়নি শহরের সব বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পরও চট্টগ্রাম শহরের বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের সঠিক চিত্র উঠে আসেনি। চিহ্নিত হয়নি চূড়ান্তভাবে। ফলে যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেওয়াও সম্ভব হচ্ছে না। মাত্র তিনটি বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে—পূর্বাঞ্চল রেলওয়ে সদর দপ্তর, হালিশহর মধ্যম নাথপাড়া ও পাহাড়তলী বধ্যভূমি। গবেষকদের অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত শহরে বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের সংখ্যা চিহ্নিত করা হয়েছে ৯৩টি। এর মধ্যে সরকারি হিসাবে ৬৩টি। গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বলছেন, বধ্যভূমির ব্যাপারটা এখন অনেকেই চেপে যাচ্ছেন। ইতিমধ্যে মারাও গেছেন অনেক প্রত্যক্ষদর্শী ও মৃত্যুর মুখ থেকে ফিরে আসা লোকজন। যে কজন বেঁচে আছেন, তাঁরাও এখন এসব ব্যাপারে কথা বলতে চান না। ফলে অনেক বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের প্রকৃত তথ্য অজানাই থেকে যাচ্ছে বলে মন্তব্য করছেন তাঁরা।জেলা প্রশাসন ও গবেষকদের সূত্রে জানা যায়, চট্টগ্রামে বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্র সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় গত আওয়ামী লীগ সরকারের আমলে। তখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসককে বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের তালিকা করতে নির্দেশ দেওয়া হয়। ওই সময় কাজ কিছুদূর এগিয়েও যায়। কিন্তু সরকার বদল হওয়ার পর তা থমকে যায়। এরপর এবার মহাজোট সরকার ক্ষমতায় এলে এ প্রক্রিয়া আবার শুরু হয়। এর ধারাবাহিকতায় নগর ও জেলার বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের একটা তালিকা তৈরি করে জেলা প্রশাসন। ওই তালিকাটা এখনো চূড়ান্ত নয়।জেলা প্রশাসনের উদ্যোগে তালিকা তৈরির সঙ্গে যুক্ত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহউদ্দিন বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে করা তালিকাটি আমরা স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করেছি। এটি প্রায় চূড়ান্ত। তার পরও কেউ যদি এখনো কোথাও বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের খোঁজ দেন, আমরা তা সংযোজন করছি।’অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) আনিছুর রহমান মিয়া বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সব বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের চিত্র তুলে আনতে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। এখনো কেউ নতুন তথ্য জানালে তা নেওয়া হবে।’একাত্তরের মুক্তিযুদ্ধে শহর চট্টগ্রামের নির্যাতনকেন্দ্র ও বধ্যভূমি বইয়ের লেখক সাখাওয়াত হোসেন বলেন, ‘একাত্তর সালে অনেক স্থানে নির্যাতনকেন্দ্র ছিল। নির্বিচারে বাঙালিদের খুন করা হয়েছে—এ রকম অসংখ্য স্থান রয়েছে। সব সংরক্ষণ করা জটিল ব্যাপার। তাই জেলা প্রশাসনের কাছে আমার প্রস্তাব ছিল শহরের সবচেয়ে বড় পাহাড়তলী বধ্যভূমি যথাযথভাবে সংরক্ষণ করে এতে বাকি বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের একটি তালিকা দিয়ে দেওয়া হোক। জেলা প্রশাসন এ প্রস্তাবে রাজিও হয়েছিল। কিন্তু পরে আর তা হয়ে ওঠেনি।’মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শী লোকজনের বর্ণনা মতে, নগরের সবচেয়ে বড় বধ্যভূমি পাহাড়তলী। সেখানে অসংখ্য বাঙলিকে জবাই করা হয়। অথচ এ বধ্যভূমি সংরক্ষণ নিয়ে জটিলতার শেষ নেই। অধ্যাপক গাজী সালেহউদ্দিন বলেন, ‘হাইকোর্ট রায় দিয়েছে এটি বধ্যভূমি। এখন সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে দিকনির্দেশনার জন্য। বিষয়টি এখনো বিচারাধীন। এ ছাড়া বর্তমানে পহাড়তলী বধ্যভূমিতে নামেমাত্র যে স্মৃতিস্তম্ভ রয়েছে মূল বধ্যভূমি সেখান থেকে আরও ৫০-১০০ গজ ভেতরে। এখন যেখানে স্মৃতিস্তম্ভ করা হয়েছে সেখানে ছিল পানির ছড়া।’ তিনি জানান, গত আওয়ামী লীগ সরকারের সময় পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণের জন্য ৯৪ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয় সরকার। কিন্তু জোট সরকারের শেষ দিকে এসে প্রকল্পটি বাতিল হয়ে যায়।মুক্তিযোদ্ধা সংসদের নগর ইউনিটের সাবেক কমান্ডার ফাহিম উদ্দিন বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে নগরের বড় পাহাড়তলী বধ্যভূমিটিও সংরক্ষণ করা যাচ্ছে না। এটি নিয়ে দখল-বেদখলের খেলা চলছে। যা কখনোই কাম্য নয়। এ ছাড়া জোট সরকারের সময় বধ্যভূমি সংরক্ষণের জন্য নেওয়া প্রকল্পটি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে।’বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের সঠিক চিত্র উঠে না আসা প্রসঙ্গে তিনি বলেন, এখনো সঠিকভাবে বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। বেসরকারিভাবে উঠে আসা ৯৩টির বাইরেও বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্র আছে, যা যথাযথ অনুসন্ধানে বেরিয়ে আসবে।এ পর্যন্ত চিহ্নিত বধ্যভূমির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—পাহাড়তলী ফয়’স লেক (বর্তমান চট্টগ্রাম টেলিভিশনকেন্দ্রের বিপরীতে), হালিশহর মধ্যম নাথপাড়া, মহামায়া ডালিম ভবন (ডালিম হোটেল), সার্কিট হাউস, চট্টগ্রাম স্টেডিয়াম (বর্তমান এমএ আজিজ স্টেডিয়াম), চট্টগ্রাম সেনানিবাস, গুডস হিল, রেডিও ট্রান্সমিশনকেন্দ্র কালুরঘাট, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, নৌবাহিনীর সদর দপ্তর পতেঙ্গা, সার্সন রোডের পাহাড়ের ওপরের বাংলো, হোটেল টাওয়ার (জামাল খান সড়ক), হোটেল দেওয়ান (দেওয়ানহাট মোড়), চন্দনপুরা রাজাকার ক্যাম্প, পাহাড়তলী সিডিএ মার্কেট, হাজি ক্যাম্প, বন্দর আর্মি ক্যাম্প (বর্তমান বন্দর থানার পাশে), দক্ষিণ বাকলিয়া মোজাহের উলুম মাদ্রাসা (মিয়াখাননগর), চরচাক্তাই নদী ও খালের পাড়, আমবাগান রেলওয়ে ওয়ার্কসপ, ঝাউতলা বিহারি কলোনি, শেরশাহ বিহারি কলোনি, পাকিস্তান বাজার ক্যাম্প (বর্তমান বাংলাবাজার), ফিরোজশাহ বিহারি কলোনি, হালিশহর বিহারি কলোনি, এয়ারপোর্ট সেনা ক্যাম্প (প্রকাশ কামালটিলা) ইত্যাদি।