৪০ ভাগ চালকের সনদ ভুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরসহ জেলার বিভিন্ন রুটের ৪০ ভাগ চালকের সনদই (ড্রাইভিং লাইসেন্স) ভুয়া। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলা ও নগর ট্রাফিক পুলিশ অন্তত ১০ হাজার চালককে ভুয়া সনদধারী হিসেবে শনাক্ত করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ট্রাফিক পুলিশ ভুয়া সনদধারী চালকদের চিহ্নিত করলেও এসব সনদ প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ভুয়া সনদ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় একদিকে সড়ক দুর্ঘটনা বাড়ছে, অপরদিকে সরকার এ খাতে প্রচুর রাজস্ব হারাচ্ছে।আইনজীবীরা বলেছেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ১৩৮ ধারা অনুযায়ী ভুয়া সনদধারী চালককে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ মাসের জেল দেওয়ার বিধান রয়েছে। তবে এ শাস্তির বিধান বর্তমান সময়ের জন্য মোটেও পর্যাপ্ত নয় বলে তাঁরা মনে করেন। আইনজীবী খায়রুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘আইনি দুর্বলতার কারণে ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী চালকদের দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না। আইনটি আরও কঠোর করলে ভুয়া লাইসেন্স ব্যবহারের প্রবণতা কমত।’ শক্তিশালী এ চক্রকে শনাক্ত করার কার্যকর উদ্যোগ না থাকায় অনেকেই ভুয়া সনদ ব্যবহার করতে উৎসাহী হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নগর পুলিশের উপ-কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ এবং জেলা পুলিশ পরিদর্শক (যানবাহন) মীর গোলাম ফারুকসহ একাধিক পুলিশ কর্মকর্তার ধারণা, ভুয়া সনদ তৈরির শক্তিশালী একটি চক্র রয়েছে। চক্রটির সঙ্গে বিআরটিএর কিছু অনিয়মিত (ক্যাজুয়াল) কর্মচারী এবং কিছু দালাল সংশ্লিষ্ট রয়েছেন। এক প্রশ্নের উত্তরে ফারুক আহমদ বলেন, ‘ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহারকারীদের বেশির ভাগই সিএনজি ট্যাক্সিচালক।’ তিনি জানান, ভুয়া সনদের উৎস খুঁজে বের করার দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের। আমার জানা মতে, এ ব্যাপারে তাঁরা কাজ করছেন।নাম প্রকাশ না করে বিআরটিএর এক কর্মকর্তা বলেন, ‘ওই চক্রটি নগরের খুরশিদ মহল এলাকার আমগাছতল (জেলা পরিষদ মার্কেটের বিপরীতে) এবং বিআরটিএর ফটকের বাইরে কিছু ঝুপড়ি চায়ের দোকানে অবস্থান করে।’ বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক প্রকৌশলী শহীদুল আযম বলেন, ‘একশ্রেণীর দালাল ৪৮ ঘণ্টার মধ্যেই ভুয়া লাইসেন্স তৈরি করতে পারে। এদের কাছে হাইসিকিউরিটি লেমিনেটিং মেশিন, স্ক্যান মেশিন রয়েছে। সুতরাং সহজেই চক্রটি বিআরটিএ কর্তৃপক্ষের সিল, সই জাল করে এসব তৈরি করছে।’ তবে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের অপর সহকারী পরিচালক মাসুদ আলম তাঁর দপ্তরের কিছু ক্যাজুয়াল স্টাফ ভুয়া সনদ তৈরিতে সহযোগিতা করছেন—এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ জেনুইন লাইসেন্স দেয়।’ সম্প্রতি জেলা ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়া ভুয়া সনদধারী সিএনজিচালক হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘জনৈক শফি, এনাম, দিদার শহরের আদালত ভবন এলাকার অজ্ঞাত একটি প্রতিষ্ঠানে বসে এসব তৈরি করছেন।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘২০০৯ সালের ১৫ মার্চ দিদার নামক এক ব্যক্তির কাছে ভুয়া লাইসেন্সের জন্য ৫০০ টাকা দিয়ে পরের দিনই তা পেয়ে গেছি।’