৪০ লাখ চারা বিতরণ করবে বিএটিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন বলেছেন, প্রাকৃতিক বিপর্যয় রোধে সচেতনতা প্রয়োজন। বেশি করে গাছের চারা রোপণের জন্য শিক্ষার্থীসহ জনগণকে সচেতন করে তুলতে পারলে দেশ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাবে। ৮ জুলাই বিকেলে চট্টগ্রামে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের (বিএটিবি) গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘দেশকে আবারও সবুজ চেহারায় ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শিক্ষা কার্যক্রমে পদ্ধতিগত পরিবর্তন এনে বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়া ও বিভাগীয় কর্মকর্তা বদরুল আনাম ভূঁইয়া। বিএটিবির বিভাগীয় ব্যবস্থাপক মতিন সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিএটিবির বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান জাকির ইবনে হাই। তিনি বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো এ বছর বিভিন্ন জাতের ৪০ লাখ চারা দেশব্যাপী বিতরণ করবে। ১৯৮০ থেকে ২০০৯ পর্যন্ত বিএটিবি সাড়ে ছয় কোটি ফলদ, বনজ, ওষুধি গাছের চারা বিতরণ করেছে। আলোচনা সভার আগে মন্ত্রী চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।