৪০০ বছর ধরে পাথরঘাটায় বড়দিনের উৎসব

একসময় বড়দিন উপলক্ষে জমজমাট বল নাচের আসর বসত। ‘ক্রিসমাস ড্যান্স’ ও ‘নিউ ইয়ার ড্যান্সের’ আয়োজন চলত অনেক দিন ধরে। এখন নাচের আসর হলেও সেই বল নাচ হারিয়ে গেছে। তবে বড়দিনের আমেজ আগের মতোই আছে।
কথা হচ্ছিল নগরের পাথরঘাটার পুরোনো বাসিন্দা এরল রবার্টসনের সঙ্গে। বড়দিনের প্রসঙ্গ উঠতেই স্মৃতিকাতর হয়ে কথাগুলো বলেন তিনি। পাথরঘাটা-ফিরিঙ্গিবাজারের খ্রিষ্টানপল্লিতে এখন উৎসবের আমেজ। বিভিন্ন বাড়ির সামনে লাগানো হয়েছে সুসজ্জিত ক্রিসমাস-ট্রি, যিশুর জন্মস্থান নাজেরেথের গোয়ালঘরের অনুকরণে তৈরি বাঁশের চৌকোনা বাক্স আর বড় লাল তারা। এই এলাকার ব্রিকফিল্ড রোডের মারিয়া ম্যানসন ভবনে বেশ কয়েকটি খ্রিষ্টান পরিবারের বসবাস। গত সোমবার সকালে ওই ভবনের স্যান্ড্রা স্যাম্পসনের ফ্ল্যাটে জমে ওঠে আড্ডা। বিষয় বড়দিনের একাল-সেকাল। আড্ডায় স্যান্ড্রা স্যাম্পসন ও এরল রবার্টসন ছাড়াও ছিলেন মাইকেল গোমেজ।
অ্যাংলো-ইন্ডিয়ান এরল রবার্টসনের বয়স ৮০ পেরিয়েছে। গত শতকের ত্রিশের দশকে জন্ম তাঁর। একমাত্র সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী। এখন মারিয়া ম্যানসনের তিনতলায় থাকেন স্ত্রী বার্থাকে নিয়ে। কেমন ছিল আগেকার দিনে বড়দিনের উৎসব? জানতে চাইলে তিনি বলেন, ‘এখানকার খ্রিষ্টানপল্লি চার শ বছরের পুরোনো। পর্তুগিজদের আমল থেকে আমাদের পূর্বপুরুষেরা এখানে বসবাস করছেন। একসময় এই এলাকায় বহু অ্যাংলো-ইন্ডিয়ান পরিবার ছিল। গত শতকের ষাটের দশকে অনেকেই ইউরোপ-আমেরিকায় চলে যায়। এরপর বরিশাল-নোয়াখালী থেকে অনেক খ্রিষ্টান পরিবার এখানে এসেছে। ফলে সবকিছু আগের মতো নেই। কিন্তু সেই জিঙ্গেল বেল, সেই সান্তা ক্লজ আর বড়দিনের আমেজ পাল্টায়নি।’
বলিশালের মেয়ে স্যান্ড্রা স্যাম্পসনের ড্রয়িংরুমের এক কোণে তিন-চার ফুট লম্বা ক্রিসমাস–ট্রি। সেটি নিয়ে ব্যস্ত তাঁর পাঁচ বছর বয়সী কন্যা আর্ডেলা। ছোট্ট আর্ডেলা কথা বলে ইংরেজি-বাংলা দুই ভাষাতেই। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা স্যান্ড্রা নিজেও বাপের বাড়ি থাকার সময় বাংলায় কথা বলতেন। তবে তাঁর স্বামী ডমিনিক স্যাম্পসনের পরিবার অ্যাংলো-ইন্ডিয়ান হওয়ায় এখন ইংরেজিতেই সবার সঙ্গে বাতচিত চলে। এখানে এসে মানিয়ে নিয়েছেন ভালোভাবেই।
স্যান্ড্রা বলেন, ‘এরল আংকেল যা বলেছেন তার মর্ম কথা হলো, বড়দিন সত্যিই আমাদের কাছে অনেক বড় উৎসব। উৎসবে পুরোনো অনেক কিছু হারিয়ে গেলেও নতুন অনেক কিছু যোগও হয়েছে।’
স্যান্ড্রার প্রতিবেশী প্রবীণ বাসিন্দা মাইকেল গোমেজ এলাকায় সম্মানিত ব্যক্তি। লম্বা ছিপছিপে মানুষটিকে লোকে মাইকেল সাধু বলেই ডাকে। কোথাও কারও বিপদ হলে ছুটে যান। সবার পারিবারিক প্রার্থনায়ও হাজির থাকার চেষ্টা করেন। সোফার এক কোণে বসে শুনছিলেন এতক্ষণ। স্যান্ড্রার কথা শেষ হতেই তিনি বললেন, ‘আমার বাড়িও বরিশাল।’
মাইকেল যোগ করেন, ‘ধরেন, আমরাও এখানে অনেক কিছু যোগ করেছি। যেমন ব্রিংকা পিঠা আর দোদুল এই দুটি খাবার এখন বড়দিনের অবিচ্ছেদ্য অঙ্গ। এসব খাবার কিন্তু বরিশাল থেকেই এসেছে।’
সে কথায় সায় দিলেন এরল রবার্টসন। বললেন, ‘ব্রিংকা পিঠা খেতে আসলেই খুব মজা। বলিশাইল্যারা এটা আমাদের শিখিয়েছে।’
বড়দিন মানেই তো ‘জিঙ্গেল বেল জিঙ্গেল বেল’ গানের চেনা সুর। ডিসেম্বর এলেই কী এই গানের সুর শোনা যায়? মাইকেল জানান, পয়লা ডিসেম্বর থেকেই শুরু হয় উৎসবের আমেজ। ১৫ ডিসেম্বর থেকে চলে ঘরে ঘরে ক্রিসমাস ক্যারল। একেক দিন একে বাড়িতে গানের দল আসে। সুর করে সবাই মিলে গায়, ‘শৃঙ্খল বন্ধন চূর্ণিতে/ িযশু এল রে এই গোয়াল ঘরে’, ‘আজ এল এই বড়দিন প্রাণে আজ বাজে বিন।’
শিশুমঙ্গল, সিএসও, ওয়াইডব্লিউসিএ, বরিশালের দল, নোয়াখালীর দল নামের বেশ কয়েকটা গানের দলও আছে এলাকায়। বড়দিনের আগে বাড়ি বাড়ি গিয়ে গান শোনান এসব দলের শিল্পীরা।
বড়দিনের খাবারে তেমন কোনো পরিবর্তন হয়নি গত চার শতাব্দীতে। এখনো উৎসবের প্রধান খাবার ঘরে বানানো বিশেষ কেক। হরেক রকমের ক্রিসমাস কেকের মধ্যে আছে রেড বাটার কেক, চকলেট কেক, নানান ফলের তৈরি ফ্রুট কেক। এ ছাড়া পোলাও, মাংস, কোর্মা, সালাদ তো থকেই। বিশেষ এতিহ্যবাহী খাবারের মধ্যে আছে মাংসের পদ ভিন্দালু আর মিষ্টি খাবার কালকাল। এ দুটিই পর্তুগিজ খাবার। বাটা মসলা, ভিনেগার, পেঁয়াজ-রসুন দিয়ে রান্না করা ভিন্দালু ভারতীয় উপমহাদেশজুড়ে এখন জনপ্রিয় এক খাবার।
স্যান্ড্রা জানালেন, খাবার-দাবার ছাড়াও বড়দিনের একটা অন্যতম আকর্ষণ হলো উপহার দেওয়া ও পাওয়া। সাধারণত ক্রিসমাস ট্রির নিচে উপহারগুলো পরিবারের প্রত্যেকের নাম লিখে রেখে দেওয়া হয়। বড়দিনে সেসব খোলা হয়। এ ছাড়া শিশুরা বড়দিনের এক সপ্তাহ আগে থেকে অপেক্ষা করে সান্তাক্লজের জন্য। লাল টুপি-জামা পরা সান্তা এসে প্রত্যেককে উপহার দিয়ে যান। কাউকে চকলেট, কাউকে খেলনা।
এরল রবাটসন জানালেন, খুব ছোটবেলায় সান্তাকে দেখে প্রথম প্রথম চমকে যেতেন। একটু ভয়ও পেতেন। কিন্তু বোঝার মতো বয়স হওয়ার পর সান্তার জন্য অপেক্ষা করে থাকতেন। ছয়-সাত বছর বয়সে একবার সান্তার কাছ থেকে প্রচুর চকলেট পেলেন। সবই ছিল বিদেশি চকলেট। সে কথা ভোলেননি আজও।
পাথরঘাটার ছোট্ট খ্রিষ্টানপল্লিতে অনেক বৈচিত্র্য। ইংরেজ, পর্তুগিজ ও বাঙালি সংস্কৃতি মিলেমিশে বহুজাতিক চেহারা নিয়েছে। স্যান্ড্রার বাড়িটাও এর ব্যতিক্রম নয়। স্যান্ড্রা বরিশালের, তাঁর প্রয়াত শ্বশুর জেভিয়ার স্যাম্পসন মাদ্রাজি ও শাশুড়ি ড্রেটা সাদারল্যান্ড ব্রিটিশ। শাশুড়ি থাকতেন কলকাতার ওয়েলেসলি স্ট্রিটে। সেখানেই জেভিয়ারের সঙ্গে পরিচয় ও বিয়ে। বিয়ের পর ১৯৪৮ সালে স্বামীর সঙ্গে চট্টগ্রাম চলে আসেন তিনি। স্যান্ড্রা বলেন, তাঁর দুই মেয়ে স্টেলা ও আর্ডেলার শরীরে বইছে ইংরেজ, তামিল ও বাঙালির রক্ত।
এরল, মাইকেল ও স্যান্ড্রা তিনজনে একমত হলেন, এই বৈচিত্র্যই তাঁদের সম্পদ। এখানকার লোকজন খুব দ্রুত নতুন কিছুর সঙ্গে মানিয়ে নেয়। এই মানিয়ে নিতে পারার গুণ প্রজন্ম ধরে প্রবাহিত হচ্ছে।
এরল রবার্টসন এই কথার ইতি টানতে গিয়ে বললেন, ‘পাকিস্তান আমলেও আমরা নির্ভয়ে জীবন-যাপন করেছি। কিন্তু এখন দ্রুত সারা বিশ্বের পরিস্থিতি পাল্টাচ্ছে। একটু যেন সতর্কতা চলে এসেছে জীবনে। তবু আমি বলব দেশ ছাড়াটা সমাধান নয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল কথা।’