৪১ বছরেও কাটেনি ৫০ গ্রামের আঁধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী কয়েকবার আবেদন করলেও গ্রামগুলোতে এখনো সংযোগ দেওয়া হয়নি। বিদ্যুৎ না থাকায় এসব এলাকার মানুষের জীবনমানেরও উন্নয়ন হচ্ছে না। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতির সঞ্চার হচ্ছে না।অনুসন্ধানে জানা যায়, উপজেলার বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে এখনো বিদ্যুৎ সংযোগ আসেনি। স্বাধীনতার পর দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও প্রত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় ফটিকছড়ির ৫০ গ্রামের অন্ধকার কাটেনি। দীর্ঘ কয়েক যুগ ধরে এসব গ্রামের মানুষজন ও জনপ্রতিনিধিরা বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করেও বিদ্যুৎ সংযোগ পাননি। বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদপুর গ্রামের মো. আলমগীর, মাহবুবুল আলমসহ বেশ কয়েকজন বাসিন্দা বলেন, ‘বাংলাদেশকে এখন ডিজিটাল দেশে পরিণত করার স্লোগান উঠেছে। অথচ আমাদের এখানে স্বাধীনতার এত বছর পরও বিদ্যুৎ সংযোগ আসেনি।’ নারায়ণহাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী লাভলী আকতার বলেন, ‘বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কলকারখানা গড়ে উঠছে না। ফলে এলাকায় কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না।’নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ বলেন, ‘এই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট দপ্তরে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি। দ্রুত বিদ্যুতের সংযোগ দেওয়া হলে ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডে গতি আসত।’ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুর্গম এসব এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং ক্ষুদ্র-মাঝারি কলকারখানা স্থাপনের জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া প্রয়োজন।’পল্লী বিদ্যুতের ফটিকছড়ি আঞ্চলিক কার্যালয়ের (ভারপ্রাপ্ত) উপমহাব্যবস্থাপক শংকর দাশ প্রথম আলোকে বলেন, ‘এসব অঞ্চলে বিদ্যুৎ সংযোগ প্রদানের একটি পরিকল্পনা প্রক্রিয়াধীন। পর্যায়ক্রমে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করার ব্যবস্থা করা হবে।’