৪১ ভোট পেয়ে বিজয়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী মো. রিপন। সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন পাঁচজন, ভোটার ১৬৪ জন। ইউপি সদস্যপদে ভোট পড়েছে ১৩০টি। রিপনের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৪ ভোট।নির্বাচনে জয়ী হওয়ার আনন্দের পাশাপাশি একটু বেদনাও আছে মো. রিপনের। প্রথম আলোকে তিনি বলেন, ‘সাত-আট বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। বছরে অন্তত ১০ জন মানুষের উপকার করেছি। সেই হিসাবে অন্তত ৮০ ভোট পাওয়ার কথা ছিল। এর পরও জয়ী হয়ে ভালো লাগছে।’নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মোট ভোটার এক হাজার ৭৫৭ জন। চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ছিলেন ৫১ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আনোয়ার হোসেন রিপন।আজিমপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, সবচেয়ে কম ভোট পেয়ে ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. রিপন। এই ইউনিয়নে যাঁরা সদস্য পদে বিজয়ী হন, সবাই ১০০ ভোটের কম পেয়েছেন।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে ইউপি সদস্য পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হন ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. মোস্তফা। তিনি পেয়েছেন ৯৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. বাবুল পেয়েছেন ৩৭ ভোট। সবচেয়ে কম ভোটার ছিল ৩ নম্বর ওয়ার্ডে, মাত্র ১৫৪ জন। তবে এই ওয়ার্ডে দুজন প্রার্থী ছিলেন।মাত্র ছয়টি করে ভোট পেয়েছেন মোট চারজন প্রার্থী। সাতটি করে ভোট পান দুই প্রার্থী। অনেকে নিজ পরিবারের ভোটও পাননি। নির্বাচনের আগে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমার পরিবারে ভোট আছে ১০টি। এই ভোটসহ বাইরের কয়েকটি ভোট পেলেই জয়ী হব বলে আশা করছি।’ তবে নির্বাচন শেষ হওয়ার পর দেখা গেছে, তিনি পেয়েছেন সাত ভোট। অর্থাৎ পরিবারের ভোটের চেয়েও তিন ভোট কম পেয়েছেন তিনি।এ বিষয়ে আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমার পরিবারের কয়েকটি ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিনে ফেলেছেন। ভোটারদের টাকা দিয়ে নির্বাচন করে জেতার ইচ্ছা আমার নেই। এখানে ভালো লোকের কদর নেই বলে এই ফলাফল হয়েছে।’উপজেলার রহমতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনে সমান ভোট পেয়েছেন দুই ইউপি সদস্যপ্রার্থী। এই ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা এক হাজার ৪৩। এর মধ্যে মো. খোকন পান ২০৬ ভোট। মো. জাহাঙ্গীর নামে আরেক প্রার্থীও পান ২০৬ ভোট।