৪১১ শিক্ষার্থীর জন্য চারজন শিক্ষক!
বান্দরবানের আলীকদম উপজেলার মমপাখই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪১১ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন মাত্র চারজন শিক্ষক। এই বিদ্যালয়ে তিনটি পদ থাকলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। দুজন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়ায় এখন শিক্ষক সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। তবে এর পরও শিক্ষকসংকট রয়ে গেছে বলে অভিভাবকদের অভিযোগ।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা বলেন, বিদ্যালয়ে দুজন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে শিক্ষকসংকট স্থায়ীভাবে সমাধান করা হবে। সম্প্রতি উপজেলা সদরের ৭ কিলোমিটার দূরে মমপাখই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিনের ছাউনি দেওয়া শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসেছে শিক্ষার্থীরা। হইচই আর হট্টগোলের মধ্যে পাঠদান করছেন শিক্ষক। বিদ্যালয়ের সবগুলো শ্রেণীকক্ষেরই একই অবস্থা। সহকারী শিক্ষক হোসেনগীর জানান, শ্রেণীকক্ষে প্রচুর শিক্ষার্থী থাকায় শিক্ষকের কথা অনেকেই শুনতে পায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী বলেন, এই বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। সমাপনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফল না হলে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে যায়। অথচ শিক্ষকসংকটের বিষয়টি কেউ আমলে নিচ্ছে না।জানা গেছে, বিদ্যালয়ের একজন শিক্ষক গত ২৮ আগস্ট থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। এরপর দুজন শিক্ষককে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও শিক্ষকের পদ বাড়ানো হয়নি। অভিভাবকদের আশঙ্কা, প্রেষণে নিয়োগ দেওয়া শিক্ষকেরা অন্যত্র বদলি হয়ে গেলে আবারও শিক্ষকসংকট দেখা দেবে। অভিভাবকেরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মাসে একাধিকবার প্রাতিষ্ঠানিক কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হয়। তখন তিনজন শিক্ষক চার শতাধিক ছাত্রছাত্রীকে পাঠদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যালয়ে শিক্ষকসংকট স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।