কক্সবাজার জেলা ছাত্রদলের ১২ বছরের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন হয় ২০১৪ সালের ১ জুলাই। তখন সাত সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এরপর আরও দুই বছর তিন মাস পর ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। তা–ও বিশাল বহরের—৪১৩ জনের! অথচ গঠনতন্ত্র অনুযায়ী, কমিটি হওয়ার কথা ৮১ জনের। এরপরও অসন্তোষ জেলা কমিটি নিয়ে। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে পদত্যাগও করেছেন ছয়জন।
দলের কয়েকজন সাবেক ও বর্তমান নেতা জানান, কমিটি গঠনের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করছেন। তাঁদের অনেকে এটাকে ‘খুশি কমিটি’ হিসেবে অভিহিত করেছেন। এত বড় কমিটি করার পরও নেতাদের এমন আচরণ দুঃখজনক।
দলীয় সূত্র জানায়, ২৪ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান। কমিটির সভাপতি রাশেদুল হক ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. সরওয়ার রোমন। এরপর সহসভাপতি করা হয়েছে ৩৪ জনকে। সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন। যুগ্ম সম্পাদক আছেন ৩৩ জন। সহসাধারণ সম্পাদক ৩৪ জন। সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম। সহসাংগঠনিক সম্পাদক আছেন ৪৪ জন। এ ছাড়া ৫৭ জন নেতা স্থান পেয়েছেন আরও ২০টি সম্পাদকীয় পদে। কমিটিতে সদস্য রয়েছেন ২০৮ জন।
২৫ অক্টোবর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মোটর শোভাযাত্রাসহকারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থেকে কক্সবাজার শহরে আসেন। এ সময় মহাসড়কের আজিজনগর, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাঁও, রামু, বাংলাবাজার, লিংক রোড এলাকায় নেতাদের ফুল দিয়ে সংবর্ধিত করেন দলের নেতা-কর্মীরা। শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে নেতারা দিনের কর্মসূচি শেষ করেন।
দলীয় সূত্র জানায়, সৈয়দ আহমদ ও হাবিব উল্লাহের নেতৃত্বাধীন দীর্ঘ ১২ বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ২০১৪ সালের ১ জুলাই জেলা ছাত্রদলের সাত সদস্যের কমিটি অনুমোদন দেন দলের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ। কমিটিতে রাশেদুল হককে সভাপতি, সরওয়ার রোমনকে জ্যেষ্ঠ সহসভাপতি, আবদুর রউফকে সহসভাপতি ও মনির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। বিশাল আকারের কমিটি ঘোষণার পরও নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
এ কমিটির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আগের শহর কমিটির আহ্বায়ক মো. ইলিয়াছ। সদস্য পদ থেকে পদত্যাগ করেন রশীদুল আলম চৌধুরী ও মাসুদ শরীফ। বিভিন্ন সম্পাদকীয় পদ থেকে পদত্যাগ করেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকিক মামুন, যুগ্ম সম্পাদক মো. এনাম ও ছাত্রদল নেতা রেজাউল করিম।
পদত্যাগী নেতা মো. ইলিয়াছ, মাসুম শরীফ ও আকিক মামুনের অভিযোগ, এ কমিটিতে জ্যেষ্ঠতা রক্ষা হয়নি। অছাত্রদের উচ্চপদে এবং সভাপতি-সম্পাদকের পছন্দের লোক দিয়ে এ কমিটি গঠিত হয়েছে। অনেকে টাকার বিনিময়ে পদ পেয়েছেন। এ কারণে তাঁরা পদত্যাগ করছেন। আরও অনেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সহসম্পাদক বলেন, এ কমিটি ছাত্রদলের রাজনীতি তলানিতে নিয়ে যাবে। কারণ, এ কমিটিতে স্থান পাওয়া অনেকেই কোনো দিন ছাত্ররাজনীতি করেননি।
কমিটির সভাপতি রাশেদুল হক বলেন, ‘নতুন কমিটিতে যথাসম্ভব যোগ্য ছাত্রনেতাদের স্থান দেওয়া হয়েছে। এখানে পক্ষপাতের সুযোগ নেই। যাঁরা জেলা কমিটিতে স্থান পেয়েছেন, তাঁদের অভিনন্দন। আর যাঁরা স্থান পাননি, তাঁদের আগামী দিনের নেতৃত্বের জন্য অপেক্ষা করতে হবে।’
সাধারণ সম্পাদক মনির উদ্দিন বলেন, ‘সকল নেতা-কর্মীই চায় কমিটিতে স্থান পাক। কিন্তু সবাইকে স্থান দেওয়া সম্ভব নয়। তাই কখনো বিরোধ তৈরি হয়। কিন্তু আমরা সেই ধরনের বিরোধীয় সংগঠনের নেতা-কর্মী নই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা সব সময় একই মায়ের সন্তানের মতোই রাজনীতি করি।’
কমিটিতে স্থান পাওয়ার কয়েকজন নেতার পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে সভাপতি-সাধারণ সম্পাদক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় মৎস্য–বিষয়ক সম্পাদক ও কক্সবাজারের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, ১৪ বছর পর জেলা ছাত্রদল নতুন কমিটি পেয়েছে। দীর্ঘ এ সময়ে অনেক নেতা তৈরি হয়েছেন। সবাইকে স্থান দিতে গিয়ে জেলা কমিটির আকার বৃদ্ধি করা হয়েছে। এতে অসন্তোষের কিছু নেই।