৪২ বছর অপেক্ষা করেছি

‘আমি খুশি হয়েছি। খুব খুশি হয়েছি। তবে সব যুদ্ধাপরাধীর ফাঁসি না হলে শান্তি পাব না। আমার ছোট ভাই ও স্বামীর আত্মা এত দিনে কিছুটা হলেও শান্তি পেয়েছে।’
মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়া আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে শহীদ জায়া বেগম মুশতারী শফী গত শুক্রবার এ কথা বলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘৪২ বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হলো। তবে গোলাম আযম, সাঈদী, মুজাহিদসহ সব মানবতাবিরোধী অপরাধীর শাস্তি না হলে আমরা কলঙ্কমুক্ত হব না।’
মুশতারী শফী বলেন, এ দেশের তরুণ প্রজন্মের নিরলস আন্দোলনের কারণেই আজ মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব হয়েছে।
দেশজুড়ে জামায়াত ও শিবিরের সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে গেলে এমন সহিংসতা হবেই। তবে এটা ক্ষণস্থায়ী।
জামায়াত-শিবিরের সন্ত্রাস বন্ধ করতে হলে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে।