
স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা ও জনতাবাজার স্টেশনে স্থায়ী কোনো বাস টার্মিনাল নির্মাণ করা হয়নি। এ কারণে পরিবহন মালিক-শ্রমিকেরা সড়ক দখল করে গাড়ি পার্ক করছেন। ফলে যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।
পরিবহন মালিক ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার প্রধান দুই রুট গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার এবং গোরকঘাটা-কালারমারছড়া-জনতাবাজার সড়কে স্থায়ী বাস টার্মিনাল নেই। এতে সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং করার পাশাপাশি জনতাবাজার ও গোরকঘাটা এলাকায় অস্থায়ীভাবে টার্মিনাল গড়ে তুলেছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। এ কারণে উপজেলায় যাতায়াতকারী বাস ও ট্রাক যানজটের কবলে পড়ছে।
গত ২৬ ডিসেম্বর বিকেলে জনতাবাজারে গিয়ে দেখা যায়, সড়কে এলোমেলো করে পার্কিং করা হয়েছে যানবাহন। এতে চলাচলের সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে। এক সঙ্গে দুটি গাড়ি চলাচল করারও উপায় নেই। ফলে দূরপাল্লার যানবাহন ঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারছে না। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস মহেশখালীতে ঢোকার মুখে যানজটে পড়ছে।
চকরিয়া উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা ট্রাকচালক মোস্তাক আহমদ বলেন, সড়ক দখল করে টার্মিনাল করায় জনতাবাজার স্টেশনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। সড়কের ওপর যানবাহন পার্ক না করলে মহেশখালী সড়ক দিয়ে যাতায়তকারী পণ্যবাহী ট্রাক সহজেই আসা-যাওয়া করতে পারে।
কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার বাসিন্দা এহেতাশামূল হক বলেন, এ এলাকায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস। এ ছাড়া যানবাহন রয়েছে শ পাঁচেকের বেশি। কিন্তু যাত্রী ওঠা-নামার জন্য স্থায়ীভাবে কোনো বাস টার্মিনাল করা হয়নি। এ কারণে সড়কে যত্রতত্র গাড়ি রাখায় প্রতিনিয়ত যানজট বাড়ছে।
কালারমারছড়া ইউপির চেয়ারম্যান মির কাসেম চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে এই এলাকার জনগণের পাশাপাশি পরিবহনশ্রমিকেরা দীর্ঘদিন ধরে টার্মিনাল করার দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না।
মহেশখালী পরিবহন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, টার্মিনাল নির্মাণের বিষয়ে ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। এ কারণে নিরুপায় হয়ে সড়কের পাশে গাড়ি পার্কিং করে অস্থায়ীভাবে টার্মিনাল করা হয়েছে। এতে মাঝেমধ্যে ট্রাক বা বাস যাতায়াত করতে গিয়ে যানজটের কবলে পড়ছে।
মহেশখালী পৌরসভার সচিব নেজামূল হক বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পৌর বাস টার্মিনাল, মৎস্য অবতরণকেন্দ্র ও সুপার মার্কেট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। বছর খানেকের মধ্যে এসব প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, আপাতত উপজেলা প্রশাসন থেকে বাস টার্মিনাল করার পরিকল্পনা নেই।