৪৪ জন শিক্ষকের মধ্যে আছেন মাত্র ৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ভবন  প্রথম আলো
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট ভবন প্রথম আলো

পর্যাপ্ত শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম। দেশের একমাত্র কম্পিউটার ইনস্টিটিউটটিতে ৪৪ শিক্ষক পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন নয়জন শিক্ষক। এদের মধ্যে কেবল চারজন কম্পিউটার বিষয়ের শিক্ষক। পাশাপাশি ইনস্টিটিউটে কর্মকর্তা ও কর্মচারীর সংকটও রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা পর্যাপ্ত নয়। নেই কম্পিউটারসহ পর্যাপ্ত শিক্ষা উপকরণ।
জানা গেছে, ফেনী শহর থেকে চার কিলোমিটার দূরে রাণীরহাট এলাকায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে দুই একর ভূমির ওপর ২০০৩ সালে এই ইনস্টিটিউট স্থাপিত হয়। ২০০৫ সালে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০০৬ সালে। ইনস্টিটিউটে ‘ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি’ ও ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ এই দুটি ডিপ্লোমা কোর্সে বর্তমানে পড়ছে ৬২৩ জন শিক্ষার্থী।
কম্পিউটার ইনস্টিটিউট কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে শিক্ষক-কর্মচারীর পদ রয়েছে ৭৪টি। গত ৩১ মে পর্যন্ত মাত্র ১২ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত ছিলেন এখানে। অধ্যক্ষসহ ৪৪টি শিক্ষক পদের মধ্যে কর্মরত ছিলেন মাত্র চারজন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৩০টি পদের মধ্যে কর্মরত ছিলেন আটজন। ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। গত জুন মাসে নতুন পাঁচজন শিক্ষক ও ২২ জন কর্মচারী যোগদান করলেও এখনো লোকবলের সংকট রয়ে গেছে।
ইনস্টিটিউটের শিক্ষক মাহবুবুল আলম বলেন, ‘সম্প্রতি কারিগরি বিভাগ থেকে নন-টেকনিক্যাল বিষয়ের সাতজন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও যোগদান করছেন ছয়জন। বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল মান্নান বলেন, শিক্ষক-কর্মচারী সংকট থাকলেও চলতি বছরের জুন মাসে বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া ছয়জন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন। শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও ফলাফল সন্তোষজনক।
ইনস্টিটিউটের চূড়ান্ত সেমিস্টারের ছাত্র মিনহাজুর রহমান বলেন, শিক্ষক স্বল্পতার কারণে আমাদের ক্লাসগুলো ঠিকমতো হচ্ছে না। ব্যবহারিক ক্লাসও হয় না। ইনস্টিটিউটের ল্যাবে শিক্ষার্থীদের প্রত্যেকের জন্য নেই আলাদা কম্পিউটার ও হেড ফোন। শিক্ষার্থীরা জানান, ছাত্র হোস্টেলে ৯২ জন ও ছাত্রী হোস্টেলে ৩৪ জনের জন্য আবাসিক ব্যবস্থা আছে। শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেলে সিটের জন্য আবেদন করা হলেও সিট বরাদ্দ মেলে না। এ ছাড়া অধিকাংশ শ্রেণীকক্ষের পাখা নষ্ট। তিন তলা ক্যানটিন ও ডরমেটরি ভবন থাকলেও ক্যানটিন এখনো চালু হয়নি। নেই শহীদ মিনার ও খেলার মাঠ।