১৯৬৮ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু। এরপর বিআইটি (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) এবং বিআইটি থেকে আজকের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। দীর্ঘ ৪৪ বছরেও ক্যাম্পাসে নির্মিত হয়নি পূর্ণাঙ্গ শহীদ মিনার। ছয় বছর আগে একটি শহীদ মিনার তৈরির কাজ শুরু হলেও তা আজও শেষ হয়নি। জানা যায়, ১৯৬৮ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের যাত্রা শুরুর পরপরই কয়েকটি ইটের দেয়াল খাড়া করে অস্থায়ীভাবে চুয়েটের বর্তমান শহীদ মিনারটি নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে এটি ভেঙে নতুন শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা থাকলেও ২০০৫ সাল পর্যন্ত তা কার্যকর হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২১ ফেব্রুয়ারিতে একটি নতুন শহীদ মিনার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ওই সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। পরে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষার্থীদের উপস্থিতে একই বছরের ২৬ মার্চ দ্বিতীয়বারের মতো শহীদ মিনারটি উদ্বোধন করেন চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মীর শহীদুল ইসলাম। ওই বছরই পদত্যাগ করেন তিনি। কিন্তু দুবার উদ্বোধন করার ছয় বছর পার হতে চললেও শহীদ মিনারটির নির্মাণকাজের তেমন অগ্রগ্রতি হয়নি। চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আতাউর রাব্বী বলেন, ‘চুয়েটের শহীদ মিনারকে আমরা ৪৪ বছরেও পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি। তাই ক্যাম্পাসে নতুন কেউ এলে তর্জনি তুলে তাঁকে শহীদ মিনার চেনাতে হয়। এটা খুবই দুঃখজনক।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয়বার উদ্বোধন করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ মিনারের নকশা আহ্বান করলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নকশা জমা দেয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ‘এজ কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠানের নকশা গ্রহণ করা হয়। এটি তৈরি করেন চুয়েট পুরকৌশল বিভাগের তিন শিক্ষক ড. সাইফুল ইসলাম, ড. জাহাঙ্গীর আলম ও ড. রবিউল ইসলাম। এটি নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ১০ লাখ টাকা। এ টাকা বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আবেদন করা হলে তাঁরা রাজস্ব খাত থেকে ধাপে ধাপে (ফেইজ ওয়াইজ) খরচ করার জন্য পরামর্শ দেয়। কিন্তু এভাবে কাজ করতে গিয়ে বিপাকে পড়ে চুয়েট কর্তৃপক্ষ। কারণ, প্রতি ধাপে ১০ লাখ টাকার বেশি বরাদ্দ পাওয়া যায় না। এ কারণে গত ছয় বছরে কয়েকটি পিলার ওঠানো ছাড়া কাজের তেমন অগ্রগতি হয়নি। অর্থ বরাদ্দের এই ধারা বজায় থাকলে শহীদ মিনারটির নির্মাণকাজ শেষ হতে আরও পাঁচ-ছয় বছর লেগে যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করেন। এ প্রসঙ্গে চুয়েটের নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন, ‘সময়মতো পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় শহীদ মিনারটির নির্মাণকাজ শেষ করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ বাড়ানোর জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, মার্চ মাস নাগাদ বরাদ্দ পাওয়া যাবে এবং পুনরায় কাজ শুরু করা যাবে।’