৪৫ বছর কাটল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দ্বিতীয় দিনে টুপ করে একটা তারা এসে পড়ল আমার ঘরে। সত্যিকারের তারা, আমার পুরোনো বন্ধু সেতারা! জড়িয়ে ধরলাম পরস্পরকে দীর্ঘ ৪৫ বছর পর। দুই বান্ধবীর দেখা, সে কী আনন্দ! ভাষায় প্রকাশ করা কঠিনই বটে। মনে পড়ে গেল বহু বছর আগের সেই দিনগুলো।

পঞ্চম শ্রেণিতে পড়ি তখন সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে। ১৯৭০-এর মাঝামাঝি সময় হবে। মিলি, জুলি, ফ্যান্সি, ডেজি, শেফালী, রানি আর সেতারা। ওরা সবাই ছিল আমার ‘ক্লোজ ফ্রেন্ড’। মনে আছে, সেতারার বড় বোন ছিলেন অভিনেত্রী আনোয়ারা। তাই সব শিক্ষকেরই বেশ আদরের ছিল সে। এক আপা তো ছিলেন, ক্লাসে ঢুকেই সেতারাকে ডেকে টেবিলে বসিয়ে আনোয়ারা আপার গল্প শুনতেন। তাই ওই আপার নাম দিয়েছিলাম আমরা ‘গপ্পি’ আপা।
আমরা তখন থাকতাম জ্যোৎস্না বুর বাসায়। আমাদের বাসাটা ছিল মৌচাকের সঙ্গেই। আমাদের বাসার পেছনের পুকুরটা এখন হয়েছে আনারকলি মার্কেট। বাসার সামনের মাঠে আমরা খেলতাম। দুই বোন বেণি দুলিয়ে স্কুলে যেতাম রমাধুপির বাসার কাছ দিয়ে।
সেই হারানো দিনের গল্প সারা দিন বসে দুই বান্ধবী করলাম। গল্প অফুরন্ত, কিন্তু সময় তো নদীর স্রোতের মতো বহমান। সেতারা বিদায় নিয়ে চলে গেল। মুঠোফোনের যুগে মাঝে মাঝে তো এখন কথা হয়ই। গত সপ্তাহেও কথা হলো, শুনলাম সেতারার একটা নাতি হয়েছে। আরেকবার মনে পড়ে গেল আমাদের বয়স কত বাড়ছে। আমি তো সেই ক্লাস ফাইভের দিনগুলোতেই আটকে আছি। ৪৫ বছর আগের অনুভূতিগুলো এখনো কত তাজা, সে লিখে বোঝানো সম্ভব না।
মাহফুজা খাতুন
মালিবাগ, ঢাকা।