
ছবিটা দেখেই গা ছমছম করে। সরু দড়ির ওপর হাঁটছেন একজন মানুষ। আর সে দড়ি ভাসছে শূন্যে। একটু এদিক-সেদিক হলেই পড়ে যাবেন ১৪০ মিটার বা ৪৫৯ ফুট নিচে। অবলীলায় অতি উঁচুতে দড়িতে হাঁটা মানুষটির নাম লুকাস ইমলার। একজন পেশাদার দড়াবাজ। রোমাঞ্চকর মুহূর্তের ছবিটি তুলেছেন এক জার্মান আলোকচিত্রী।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার দক্ষিণের রাজ্য তাসমানিয়ায়। পাহাড়ি এই রাজ্যের গর্ডন নদীর ওপর রয়েছে অতিকায় গর্ডন বাঁধ। এই বাঁধের দুই অংশে বাঁধা হয়েছিল দড়ি। প্রায় ৪৬০ ফুট উঁচুতে বাঁধা সে সরু দড়ির ওপর দিয়েই অবলীলায় হাঁটেন লুকাস ইমলার।
লুকাস ইমলারের দড়ির ওপর হাঁটা অবশ্য এই প্রথম নয়। তিনি দড়ির মায়ায় পড়েন ২০০৬ সালে। তখন থেকেই তিনি নিয়মিত হাঁটেন। ২০১১ সাল থেকে বনে যান একজন পেশাদার দড়াবাজ। এরপর নানা প্রতিযোগিতায় রোমাঞ্চপ্রিয় লুকাস দড়াবাজিতে নাম কুড়াতে থাকেন। পুরস্কারের তাকেও উঠে অনেক সম্মাননা। তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট ঘেঁটে জানা গেল, লুকাস দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসসহ দড়াবাজিতে কবজা করেছেন আরও বেশ কয়েকটি রেকর্ড।
ডেইলি মেইল অবলম্বনে সজীব মিয়া