কাপ্তাই হ্রদে উৎপাদন বৃদ্ধি ও ব্যবস্থাপনা প্রকল্প
৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত
কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পের মেয়াদ না বাড়ানো এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না হওয়ায় এ অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ‘কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্প’ গ্রহণ করে। বরাদ্দ ছিল ১৭ কোটি সাত লাখ টাকা। প্রকল্পটি ২০১১ সালের জানুয়ারিতে শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন শেষ হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলেন, প্রকল্পের লক্ষ্য ছিল কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা, তল্লাশিচৌকি স্থাপন, হ্রদের মাছের অভয়াশ্রমের নিরাপত্তা নিশ্চিত এবং হ্যাচারি ও নার্সারিতে স্থানীয়ভাবে বড় প্রজাতির রেণু পোনা উৎপাদন করে হ্রদে অবমুক্ত করা।
বিএফডিসি রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাঈনুল ইসলাম বলেন, প্রকল্পটির কার্যক্রম শুরু হওয়া পর হ্রদ থেকে মাছ আহরণের হার বেড়েছে। জনবল ঠিক রাখা গেলে ভবিষ্যতে প্রকল্পের সুফল আরও বেশি পাওয়া যাবে। তিনি বলেন, ভবিষ্যতে ২৪ একরের নার্সারিতে রেণু পোনা উৎপাদিত হবে। তখন হ্রদে ১০০ টনের ওপরে বড় প্রজাতির মাছের পোনা ছাড়া যাবে, যা এখন ছাড়া হয় বছরে ২০ থেকে ২৫ টন। তা ছাড়া হ্রদে মাছের অভয়ারণ্য দেখাশোনা করার জন্য জনবল প্রয়োজন।
বিএফডিসির চেয়ারম্যান পিউস কস্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, প্রকল্পের পদ রাজস্ব খাতে নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়সহ হ্রদ ব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। এ ছাড়া কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন ছাড়াও বিদ্যুৎ, পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনা কাজে লাগানোর ব্যাপারে ইতিমধ্যে আন্তমন্ত্রণালয় সভা হয়েছে।
পিউস কস্তা আরও বলেন, প্রকল্পে নিযুক্ত ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীকে আত্তীকরণের মাধ্যমে কার্যক্রম চলমান রাখা হলে বিএফডিসি তথা সরকারের আয় বাড়বে। আর এ জনবলের ব্যয় সংস্থার নিজস্ব আয় দ্বারা বহন করা সম্ভব।