চট্টগ্রামের বালুছড়া এলাকায় ৯৩ একর জায়গাজুড়ে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির উদ্ভাবিত পণ্য ও প্রযুক্তির সংখ্যা মাত্র ১১টি। অবকাঠামো সুবিধা ও উন্নত গবেষণাগার থাকা সত্ত্বেও জনবলসংকট ও পর্যাপ্ত প্রশিক্ষণ-সুবিধার অভাবে গতি আসছে না গবেষণা কার্যক্রমে।বিসিএসআইআর সূত্রে জানা যায়, গত ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানের ১৭টি বৈজ্ঞানিক কর্মকর্তার পদ শূন্য রয়েছে। বর্তমানে কর্মরত ১৯ জন বৈজ্ঞানিক কর্মকর্তার মধ্যে ছয়জন গবেষণার কাজে বিদেশে অবস্থান করছেন। অন্যান্য পদে ১৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কর্মরত আছেন ৭৯ জন। জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান ভুঁইয়ার দেওয়া তথ্যে জানা যায়, গত ৪৬ বছরে এই প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা ১১টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ডায়াবিনো (ডায়েবেটিসরোধী চা), লেমন গ্রাস অয়েল, জয়া হারবাল হেয়ার অয়েল, ফ্রুটি পাপাইয়া (পেঁপে থেকে তৈরি প্রক্রিয়াজাত খাবার), হারবাল বাসক টি (বাসক পাতার চা)। উদ্ভাবিত এসব পণ্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্প-উদ্যোক্তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া একই সময়ে এখানকার বিজ্ঞানীদের গবেষণালদ্ধ পেটেন্ট গৃহীত হয়েছে ১৮টি। এ ছাড়া বিভিন্ন বিজ্ঞানবিষয়ক পত্রিকায় প্রকাশিত হয়েছে ৩৬২টি গবেষণা নিবন্ধ। এক প্রশ্নের উত্তরে হাবিবুর রহমান ভুঁইয়া বলেন, ‘প্রতিষ্ঠানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নেই। তিন মাস আগে এই পদে একজনকে নিয়োগ দেওয়া হলেও তিনি আছেন ঢাকায়। চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তারা সরকারিভাবে বিদেশে প্রশিক্ষণ সুবিধা পান না। এই কারণে অনেকে এখানে কাজ করতে উৎসাহ দেখান না। ফলে গবেষণা কর্মকাণ্ডে প্রভাব পড়ছে।’ বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জরিপা বেগম প্রতিষ্ঠানটিতে লোকবল সংকটের কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, সীমিত লোকবল নিয়েও বিসিএসআইআর চট্টগ্রাম কার্যালয় সহজলভ্য ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে।সূত্রমতে, বিসিএসআইআর গবেষণাগারের সার্বিক কর্মকাণ্ড আটটি গবেষণা বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এগুলো হলো—কেমিক্যাল রিসার্চ, ড্রাগ অ্যান্ড টক্সিন রিসার্চ, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি রিসার্চ, মেরিন বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার রিসার্চ, ইন্ডাস্ট্রিয়াল বোটানি রিসার্চ, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট রিসার্চ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল রিসার্চ ও সয়েল ম্যানেজম্যান্ট অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যাল রিসার্চ।এসব গবেষণা বিভাগের আওতায় ঔষধি ও সুগন্ধি গাছ-গাছড়ার জরিপ, সংরক্ষণ এবং উন্নত চাষাবাদ পদ্ধতি উদ্ভাবন করা হয়। এ ছাড়া ভেষজ ঔষধি, খাদ্যদ্রব্যে ব্যবহার উপযোগী সুগন্ধি, প্রসাধন, সুগন্ধি তেল এবং বিভিন্ন ফল ও সবজি থেকে খাদ্য তৈরির পদ্ধতি উদ্ভাবনের কাজ হচ্ছে।